ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথমবার বেলুড় মঠে (Belur Math) গেলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সাতসকালে তিনি কড়া নিরাপত্তার ঘেরাটোপে মঠে প্রবেশ করেন। গাড়ি থেকে নেমেই তিনি প্রথমে মূল শ্রীরামকৃষ্ণ মন্দিরে যান, যেখানে পরম নিষ্ঠার সঙ্গে আরতি দর্শন করেন এবং পুজো দেন। এরপর স্বামী বিবেকানন্দের স্মৃতিবিজড়িত পবিত্র ঘরে গিয়ে প্রণাম জানান।
বেলুড় মঠে পৌঁছে মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দকে প্রণাম নিবেদন করে আশীর্বাদ নেন। তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষর সঙ্গেও সাক্ষাৎ করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। রাজনৈতিক ও ব্যক্তিগত উভয় দিক থেকেই মুখ্যমন্ত্রীর এই প্রথম মঠ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সকাল থেকেই সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় ছিল মঠ চত্বরে।
মঠের নিয়মানুবর্তিতা বজায় রেখেই এখানেও শুভেন্দুকে দেখে জয়ধ্বনি দেন অনুগামীরা। মুখ্যমন্ত্রীও হাতজোড় করে স্মিতমুখে সকলকে নমস্কার জানান। বেলুড় মঠের এই পবিত্র সফর শেষ করে তিনি হাওড়ার শরৎ সদনের উদ্দেশ্যে রওনা দেন, যেখানে জেলা স্তরের পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে একটি প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর তিনি দিল্লির উদ্দেশ্যে উড়বেন।








