ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর কলকাতা পুরসভার ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার এক অনুষ্ঠানে তিনি জানান, আগামী ৬ মাসের মধ্যেই কলকাতা পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড গঠিত হবে। এই ঘোষণার ফলে শহরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হল।
পুরসভায় প্রশাসক বসানোর কারণ ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, নাগরিক পরিষেবা এক মুহূর্তের জন্যও বন্ধ রাখা যায় না। পূর্বতন বোর্ডের সদস্যরা মেয়র হওয়ার জন্য নিজেদের মধ্যে কোন্দল করছিলেন, যার ফলে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল। তাই বাধ্য হয়েই প্রশাসক বসানো হয়েছে। তিনি আরও জানান, কলকাতা পুরসভার উন্নয়নে রাজ্য সরকার ৬০০ কোটি টাকা বরাদ্দ করতে প্রস্তুত। একইসঙ্গে, পূর্বতন বোর্ড শহরের উন্নয়নে তেমন কোনও কাজ করেনি বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারী এদিন বিরোধীদের সঙ্গে নিয়ে কাজ করার বার্তা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সবাইকে নিয়ে কাজ করেন, তিনিও সেই পথেই হাঁটবেন। আজকের অনুষ্ঠানেও বিরোধী দলের জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল, যা তাঁর অন্তর্ভুক্তিমূলক রাজনীতিরই ইঙ্গিত দেয়। তৃণমূলের ক্ষমতাচ্যুতির পর দলের ভাঙন এবং পুরসভার বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য স্পষ্ট করেন।







