ব্যুরো নিউজ, ১৪ জুন ২০২৬ঃ রবিবার সন্ধ্যায় বাংলার রাজনীতিতে এক নাটকীয় পালাবদল ঘটে গেল। তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার কথা ঘোষণা করেছেন। এই ঘোষণার পরেই রাজনৈতিক মহলে নতুন এই দলটির পরিচয় ও ঠিকানা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়। জানা গিয়েছে, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া নির্বাচন কমিশনে রেজিস্টার্ড হলেও, এটি একটি স্বীকৃত দল নয়। এটি রেজিস্টার্ড আনরেকগনাইজড পার্টি (RUPP) বা আরইউপিপি হিসেবে নথিভুক্ত।
সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, এই দলটির রেজিস্টার্ড দফতর নবান্নের খুবই কাছে, হাওড়ার সাঁকরাইলের হাটগাছা গ্রামে অবস্থিত। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া তথ্য অনুযায়ী, নবান্ন থেকে মাত্র আধ ঘণ্টার দূরত্বে এই পার্টি অফিসটি রয়েছে। যদিও গুগল ম্যাপে এই ঠিকানা সার্চ করলে দেখা যায়, অফিসটি নাকি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এই ঘটনা বাংলার রাজনীতিতে বেনজির বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রবীণ কংগ্রেস নেতা ও বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল এই পদক্ষেপকে বেআইনি আখ্যা দিয়েছেন।
তাঁর মতে, কোনও দলের বিদ্রোহী সাংসদরা এভাবে অন্য দলের সঙ্গে মিশে যেতে পারেন না। ফলে, এই বিষয়টি অচিরেই সুপ্রিম কোর্টে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। কালীঘাট ও ক্যামাক স্ট্রিট এই বিষয়ে মামলা করতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। বিদ্রোহী সাংসদদের এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।








