ব্যুরো নিউজ, ১০ সেপ্টেম্বর ২০২৬: পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশনে আজ পেশ হল বহুচর্চিত ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’। এই বিল পাশ হলে রাজ্য সরকার এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি করতে পারবে। সরকারের দাবি, এর ফলে রাজ্যের উচ্চশিক্ষার পরিকাঠামো উন্নয়ন এবং উন্নতমানের শিক্ষা পৌঁছে দেওয়া সম্ভব হবে। তবে এই বিল ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
বিরোধীদের একাংশের আশঙ্কা, এই আইনের মাধ্যমে আসলে বিশ্ববিদ্যালয়ের স্বশাসন খর্ব করা হচ্ছে। তাঁদের মতে, এর আড়ালে প্রতিবাদী শিক্ষকদের সরিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। অন্যদিকে, অধ্যাপকদের একাংশ এই বিলকে স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কিছু অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে মৌরসীপাট্টা কায়েম করেছেন, যা উচ্চশিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করেছে।
এই ‘ঘুঘুর বাসা’ ভাঙতে এই বিল অত্যন্ত জরুরি। গত সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার বৈঠকে এই বিলের কথা ঘোষণা করেন। মন্ত্রিসভায় পাশ হওয়ার পর বিলটি রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল। আজ, বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিধানসভায় এটি পেশ করা হয়। বিলটি নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে জোরদার আলোচনা ও বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে বলে মনে করছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা।








