ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর ২০২৬: বাড়িতে দুধ ফেটে গেলেই কি ফেলে দেন? এবার থেকে আর নয়! ফাটা দুধ আর সুজি দিয়েই তৈরি করে ফেলতে পারেন তুলতুলে, নরম ও স্পঞ্জের মতো ইডলি। সবচেয়ে বড় সুবিধা, এই রেসিপিতে চাল-ডাল ভেজানো কিংবা সারা রাত ব্যাটার ফারমেন্ট করার ঝামেলাও নেই।
উপকরণ:
২ কাপ ফাটা দুধ
২ কাপ সুজি
স্বাদমতো নুন
আধ চা চামচ বেকিং সোডা অথবা এক প্যাকেট ইনো
প্রয়োজনমতো জল
ইডলির ছাঁচে মাখানোর জন্য সামান্য তেল
প্রণালী:
প্রথমে ফাটা দুধ ভালো করে ফেটিয়ে মসৃণ করে নিন। এবার সমপরিমাণ সুজি ও স্বাদমতো নুন মিশিয়ে একটি ব্যাটার তৈরি করুন। ঢাকা দিয়ে ১-২ ঘণ্টা রেখে দিন, যাতে সুজি সমস্ত তরল শুষে নিয়ে ফুলে ওঠে।
এরপর ব্যাটার বেশি ঘন হয়ে গেলে সামান্য জল মিশিয়ে ইডলির উপযোগী ঘনত্ব আনুন। এবার ইনো বা বেকিং সোডা মিশিয়ে আলতো করে ফেটিয়ে নিন।
ইডলির ছাঁচে তেল মাখিয়ে ব্যাটার ঢালুন। ফুটন্ত জলের ভাপে ৫-৬ মিনিট স্টিম করলেই তৈরি নরম, স্পঞ্জি ইডলি। নারকেলের চাটনি কিংবা সাম্বারের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
সতর্কতা: কেবল সদ্য ফাটানো দুধ ব্যবহার করুন। নষ্ট বা দুর্গন্ধযুক্ত দুধ দিয়ে এই রেসিপি তৈরি করবেন না।









