এবার কৃষ্ণের ভোগে ৫৬ পদ! গোবর্ধন পুজোয় কোন কোন সুস্বাদু খাবারে সাজে ভোগের থালা?

দীপাবলি শেষ হলেও গোবর্ধন পূজার উৎসব চলছে। এই বিশেষ দিনে কী কী সুস্বাদু খাবার থাকে থালায়? জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ৯ নভেম্বর ২০২৬: দীপাবলির আলোর উৎসব শেষ, কিন্তু উৎসবের আমেজে এখনও ভাটা পড়েনি! এবার পালা গোবর্ধন পুজোর। আর এই বিশেষ দিনের অন্যতম আকর্ষণ আলো, প্রদীপ কিংবা পুজোর আচার নয়, বরং কৃষ্ণের জন্য সাজানো বাহারি খাবারের থালা! গোবর্ধন পুজো, যা অন্নকূট পুজো নামেও পরিচিত, সেখানে ভোগের আয়োজন ঘিরেই তৈরি হয় এক অন্যরকম উৎসবের আবহ।

এই পুজোর অন্যতম বিশেষ আকর্ষণ ‘ছাপ্পান ভোগ’, অর্থাৎ শ্রীকৃষ্ণের উদ্দেশে ৫৬ রকমের খাবার নিবেদন। তালিকায় থাকে লাড্ডু, পেড়া, ক্ষীর, রাবড়ি, মালপোয়া, পুরি, কচুরি থেকে শুরু করে নানা রকম মিষ্টি ও সুস্বাদু পদ। পাশাপাশি থাকে খিচুড়ি, ডাল, ভাত এবং মরশুমি সবজি দিয়ে তৈরি বিশেষ অন্নকূট তরকারি।

কথিত আছে, গোবর্ধন পর্বত তুলে ব্রজবাসীকে প্রবল বৃষ্টির হাত থেকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই ঘটনার স্মরণেই ভক্তরা তাঁকে নানা পদ নিবেদন করেন। সাত দিন উপবাসের পর কৃষ্ণকে ৫৬টি পদ খাওয়ানোর লোককথার সঙ্গেও জড়িয়ে রয়েছে এই ঐতিহ্য।

তবে অন্নকূটের আসল মাহাত্ম্য শুধু খাবারের বাহারে নয়, বরং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা, প্রাচুর্য এবং সকলের সঙ্গে খাবার ভাগ করে নেওয়ার আনন্দে। পুজো শেষে সেই ভোগই ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিলিয়ে দেওয়া হয়।