ব্যুরো নিউজ, ২৪শে নভেম্বর ২০২৬ : অফিসের কাজ, মিটিংয়ের চাপ, ট্রাফিকের ক্লান্তি, তার উপর আবার আলাদা করে জিমে যাওয়ার সময় বের করা। এই তিনটের মাঝখানে পড়ে শরীরচর্চাটাই যেন সবার আগে বাদ পড়ে যায়। অনেকেরই মনে হয়, ফিট থাকতে গেলে হয় লম্বা সময় লাগবে, নয়তো দামি জিমের মেম্বারশিপ লাগবে। আসলে সত্যিটা একেবারেই উল্টো। আপনার বাড়ির একটা ছোট্ট কোণই হতে পারে আপনার সবচেয়ে বড় ফিটনেস সঙ্গী, যদি সেই কোণটাকে একটু বুদ্ধি করে গুছিয়ে নেওয়া যায়।
একটা নির্দিষ্ট জায়গা থাকলেই খেলাটা অনেক সহজ হয়ে যায়। রোজ রোজ আসবাব সরানো, ম্যাট খুঁজে বের করা, সরঞ্জাম কোথায় রাখলাম মনে করার ঝামেলা, এই সব ছোট ছোট বাধাই আসলে ব্যায়াম থেকে আমাদের দূরে সরিয়ে দেয়। কিন্তু যখন চোখের সামনে একটা তৈরি করা কোণ থাকে, তখন মন নিজে থেকেই বলে, চলো, পাঁচ মিনিট করে নিই। আর এই পাঁচ মিনিটটাই ধীরে ধীরে অভ্যাসে বদলে যায়।
মুম্বইয়ের ফিটনেস পরামর্শদাতা রিয়া শাহের মতে, ফিট থাকতে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম জরুরি নয়। দৈনন্দিন কাজের ফাঁকে ছোট সেশনই বেশি কার্যকর। বাড়ি থেকে কাজ করলে দুই মিটিংয়ের মাঝে হালকা স্ট্রেচিং করুন, সকালে কয়েক মিনিট পিলাটেজ করুন, আর সন্ধ্যায় ক্লান্তি কাটাতে অল্প স্ট্রেংথ এক্সারসাইজ করুন। কফি আনতে বা হাঁটতে গেলে কব্জি বা গোড়ালিতে হালকা ওজন পরলে সাধারণ হাঁটাও ছোট ওয়ার্কআউট হয়ে উঠবে। মূল কথা, ব্যায়ামকে চাপ না ভেবে রোজের অভ্যাস বানানো।
এবার সবচেয়ে জরুরি প্রশ্ন: কোণটি কেমন হওয়া উচিত? এমন জায়গা বাছুন যেখানে আসবাব না সরিয়েও আরামে হাত-পা ছড়িয়ে ব্যায়াম করা যায় এবং যোগা ম্যাট সহজে বিছানো যায়। জানালার পাশ বা আলোবাতাস-ভরা স্থান হলে আরও ভালো। কোণটি সবসময় গুছিয়ে ও পরিষ্কার রাখুন, কারণ সরঞ্জাম চোখের সামনে থাকলে ব্যায়ামের কথা মনে পড়ে এবং শুরু করার আগ্রহ বাড়ে।









