ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ গরমের ছুটি মানেই বাঙালির মন চায় নতুন কোনও অফবিট জায়গায় ঘুরে আসতে। তবে এবার আর দূরে নয়, কলকাতার অদূরেই ওড়িশার বালেশ্বরে ) রয়েছে এক লুকানো রত্ন, যা ‘মিনি লাদাখ’ নামে পরিচিত। এই মনোরম স্থানটি হল ওড়িশা ব্লু লেক । এটি এখনও প্রচারের আড়ালে থাকলেও, এর প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করার মতো। বালেশ্বর শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার এবং মিত্রপুর থেকে ২ কিলোমিটার দূরে নীলগিরি পাহাড়ের কাছে অবস্থিত এই কৃত্রিম লেকটি খননকার্যের ফলে সৃষ্টি হয়েছে। সারা বছরই এর জল নীলচে সবুজ থাকে, যা সূর্যের আলোয় আরও মায়াবী দেখায়। লেকের ধারে বসে ঘণ্টার পর ঘণ্টা কাটানো যায়।
অনেক পর্যটক একে লাদাখের প্যাংগং লেকের সঙ্গেও তুলনা করেন। ব্লু লেক একটি চমৎকার পিকনিক স্পট। এর পাশেই রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর এবং এমানি জগন্নাথ মন্দির, যা পর্যটকদের কাছে এই স্থানের আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় এই লেকের সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়। ধীরে ধীরে এটি বালেশ্বর জেলার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে। কীভাবে যাবেন? নিকটতম বাস স্টপ নীলগিরি, যা লেক থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে। কলকাতা থেকে হাওড়া স্টেশন থেকে ট্রেনে বালেশ্বর পৌঁছে সেখান থেকে প্রাইভেট গাড়ি ভাড়া করে সহজেই ব্লু লেকে পৌঁছানো যায়। গরমের ছুটিতে যারা নতুনত্বের স্বাদ নিতে চান, তাদের জন্য ওড়িশার এই ‘মিনি লাদাখ’ এক আদর্শ গন্তব্য।








