বাংলার কাছেই ওড়িশার ‘গ্র্যান্ড ক্যানিয়ন’, একদিনেই ঘুরে আসুন সরফগড়

বাংলার কাছেই ওড়িশার 'গ্র্যান্ড ক্যানিয়ন' সরফগড়। একদিনের ছুটিতে ঘুরে আসুন কানহাকুন্ড স্টোন ক্যানিয়ন, ড্যাম ও বন্যপ্রাণীর টানে। অফবিট ওড়িশা ভ্রমণের সেরা ঠিকানা।

Share:

ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ ভ্রমণপিপাসুদের জন্য সুখবর! বাংলার খুব কাছেই ওড়িশার সুন্দরগড় জেলায় লুকিয়ে রয়েছে এক প্রাকৃতিক বিস্ময়, যা ‘ওড়িশার গ্র্যান্ড ক্যানিয়ন’ নামে পরিচিত। সরফগড়, সুন্দরগড় জেলার একটি অফবিট গন্তব্য, যেখানে কানহাকুন্ড স্টোন ক্যানিয়ন নদী এবং সরফগড় ড্যাম পর্যটকদের মুগ্ধ করে তোলে।

প্রকৃতির ঢালাও সৌন্দর্যের পাশাপাশি এখানে অ্যাডভেঞ্চারেরও অভাব নেই। চিতাবাঘ, হাতি, বুনো শূকর, বার্কিং ডিয়ার এবং সজারুর মতো বন্যপ্রাণী দেখা যায় এই অঞ্চলে। ওড়িশা সরকারের বন ও পরিবেশ বিভাগ এবং ওড়িশা পর্যটনের যৌথ উদ্যোগে এখানে একটি নেচার ক্যাম্পও স্থাপন করা হয়েছে, যা পরিবেশ-পর্যটনের সুযোগ করে দেয়। সরফগড় ড্যাম দেশীয় ও পরিযায়ী পাখিদেরও আকর্ষণ করে। মাসাবিরার পাহাড়ে ট্রেকিং এবং উষাকোঠির গুহার শিলাচিত্রগুলিও এখানকার অন্যতম আকর্ষণ। ঝাড়সুগুড়া-সুন্দরগড় সীমান্তে অবস্থিত হেমগিরি অঞ্চলের কোইলি ঘোঘর নদীতেও ভ্রমণ উপভোগ করতে পারবেন পর্যটকরা। শান্ত অরণ্যে ঘেরা এই স্থানটি পিকনিকের জন্যও আদর্শ।

কীভাবে যাবেন? কলকাতা থেকে প্রথমে ভুবনেশ্বর অথবা বিমানে ঝাড়সুগুড়া। ভুবনেশ্বর থেকে ট্রেনে বা সড়কপথে ঝাড়সুগুড়া যাওয়া যায়। ঝাড়সুগুড়া থেকে প্রায় ৭০ কিমি এবং সুন্দরগড় শহর থেকে ৪৫ কিমি দূরে অবস্থিত এই কানহাকুন্ড। একদিন বা দু’দিনের ছুটিতে অনায়াসেই ঘুরে আসা যায় এই মনোরম স্থানটি থেকে।