মাত্র ১৪ ইঞ্চির গরু! পুষ্কর মেলায় তাক লাগাল খুদে গবাদি পশুরা

এবারের পুষ্কর মেলায় নজর কাড়ছে ১৪ ইঞ্চির বামন গরু! তাদের ছোট আকার ও শান্ত স্বভাবের জন্য তারা মেলায় আসা হাজার হাজার দর্শনার্থীর মন জয় করেছে। জানুন কেন তারা এত জনপ্রিয়।

Share:

ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর ২০২৬: আকারে ছোট, কিন্তু নজরকাড়া দুধ উৎপাদনের ক্ষমতা! রাজস্থানের আন্তর্জাতিক পুষ্কর মেলায় এবার উট-ঘোড়ার পাশাপাশি দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একঝাঁক খুদে গরু। মাত্র ১৪ ইঞ্চি উচ্চতার গরু দেখে রীতিমতো অবাক পর্যটকরা!

মেলায় নিয়ে আসা হয়েছে পুঙ্গানুর, মিনি মাউস এবং ভেচুর প্রজাতির ছোট আকারের গরু। এদের মধ্যে সবচেয়ে ছোট পুঙ্গানুর প্রজাতির উচ্চতা মাত্র ১৪ ইঞ্চি। অথচ প্রতিদিন প্রায় ৩ লিটার দুধ দিতে পারে এই গরু। মিনি মাউস প্রজাতির উচ্চতা ১৫-২০ ইঞ্চি, দুধ উৎপাদন ৩-৫ লিটার। অন্যদিকে, ভেচুর প্রজাতির উচ্চতা ২৫-২৮ ইঞ্চি এবং দৈনিক দুধ উৎপাদন প্রায় ৫ লিটার।

জয়পুরের পশুপালক অভিনব তিওয়ারি এই বিশেষ প্রজাতির গরুগুলিকে মেলায় নিয়ে এসেছেন। তাঁর কাছে রয়েছে ৫০টিরও বেশি গরু। তবে শুধুমাত্র বিক্রির উদ্দেশ্যে নয়, এই বিরল প্রজাতিগুলি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই তাঁর উদ্যোগ। আগ্রহীরা অবশ্য আগাম বুকিং করতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, দেশীয় গবাদি পশুর বিরল প্রজাতি সংরক্ষণে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।