ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: কাজের ব্যস্ততা যতই থাকুক, মন পড়ে রয়েছে গ্রিসের নীল সমুদ্রের ধারে! সম্প্রতি নিজের গ্রিস ভ্রমণের পুরনো স্মৃতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন বলিউড অভিনেত্রী শনায়া কাপুর। ফিরতি সফরের ছবিতে উঠে এসেছে নীলচে সমুদ্রের জল, ঝলমলে রোদ, Aperol পানীয় আর ছুটির মেজাজ। অভিনেত্রীর এই ছবি দেখে নেটিজেনদের একাংশের মনে তৈরি হয়েছে ভ্রমণের প্রবল ইচ্ছা!
ছবিগুলিতে কখনও সাদা পোশাকে সমুদ্রের ধারে বসে থাকতে দেখা গিয়েছে শনায়াকে, কখনও আবার রঙিন স্ট্রাইপড ব্যাকলেস ম্যাক্সি ড্রেসে ধরা দিয়েছেন তিনি। কালো-সাদা স্ট্রাইপড হাল্টার নেক পোশাকেও নজর কেড়েছেন অভিনেত্রী। সঙ্গে ছিল সানগ্লাস, ফ্লিপ-ফ্লপ এবং রঙিন ব্যাগ। গ্রিসের ঐতিহ্যবাহী সাদা স্থাপত্য, নীল এজিয়ান সাগর এবং সমুদ্রতীরের মনোরম পরিবেশ ছবিগুলিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
নিজের ছবির ক্যাপশনে শনায়া লিখেছেন, ‘digging through Greece files’। অর্থাৎ পুরনো গ্রিস সফরের অ্যালবাম ঘেঁটে স্মৃতির পাতায় ফিরে গিয়েছেন তিনি। তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন ঘনিষ্ঠ বন্ধু অনন্যা পাণ্ডেও।
কাজের দিক থেকেও ব্যস্ত শনায়া। সম্প্রতি ‘Student of the Year: After Dark’ ওয়েব সিরিজে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে আপাতত তাঁর গ্রিস ভ্রমণের ছবিই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।









