ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: গত ২২ নভেম্বর মুখ্যমন্ত্রীর নবদ্বীপ সফরে ঘোষিত উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি দেখতে রবিবার শহরে আসেন রাজ্য সরকারের তিন সচিব। তাঁরা চারটি ঘাট ঘুরে দেখেন। প্রকল্পগুলি কীভাবে বাস্তবায়িত করা যায়, তা নিয়ে পরবর্তী পরিকল্পনার কথাও জানিয়েছে জেলা প্রশাসন। পরিদর্শনের পর এই তথ্য জানান নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পাল্লি।
গত ২২ নভেম্বর নবদ্বীপে রাস উৎসব দেখতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সফরেই একটি সেতু তৈরির কথা ঘোষণা করেন তিনি। সেতু নির্মাণে সময় লাগবে, তাই তার আগে জলপথে যোগাযোগ বাড়াতে জেটি পরিষেবা চালুর কথাও বলেন মুখ্যমন্ত্রী। শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দিরের উন্নয়নে আরও দুটি প্রকল্পের ঘোষণাও করেন তিনি। জেলাশাসক জানান, ঘোষণাগুলি বাস্তবায়িত করতে কী কী কাজ দরকার, তা নিয়ে বৈঠক হয়েছিল।
ঘোষিত প্রকল্পগুলির ফলোআপ এবং বাস্তব পরিস্থিতি বোঝার জন্যই সচিবদের এই পরিদর্শন বলে জানান জেলাশাসক। রবিবার রাজ্য সরকারের সদর দফতর থেকে নবদ্বীপে আসেন পর্যটন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ রায়, পরিবহণ দফতরের প্রধান সচিব রবিন্দর সিং এবং সেচ দফতরের প্রধান সচিব রাজেশ সিনহা। তাঁদের সঙ্গে ছিলেন জেলাশাসক, নবদ্বীপের মহকুমাশাসক (এসডিও) এবং জেলা প্রশাসনের একাধিক আধিকারিক।
প্রতিনিধি দল নবদ্বীপ বড়াল ঘাট, নবদ্বীপ জন্মস্থান ঘাট, মায়াপুর ঘাট ও নিদয়া ঘাট ঘুরে দেখে। কোন জায়গায় কী ধরনের কাজ করা সম্ভব, তা খতিয়ে দেখেন সচিবরা। জেলাশাসকের বক্তব্য, পরিদর্শন করা জায়গাগুলিতে প্রকল্পের কাজ কীভাবে এগোনো যায়, তা নিয়ে পরবর্তী পর্যায়ে পরিকল্পনা নেওয়া হবে। সেই পরিকল্পনা চূড়ান্ত হলে দ্রুত কাজ শুরু হবে।









