মধ্যপ্রদেশের পর পাটনা: ২৪ ঘণ্টার মধ্যে ফের ট্রেনে আগুন, ভস্মীভূত একাধিক বগি

Share:

ব্যুরো নিউজ, ১৮ই মে ২০২৬ঃ মধ্যপ্রদেশের রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার বিহারের পাটনায় ফের ঘটল একই ঘটনা। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় ট্রেন অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার ভোরে সাসারাম জংশনে দাঁড়িয়ে থাকা পাটনা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে আচমকাই আগুন লেগে যায়। এই ঘটনায় একটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এবং পাশের আরও একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেল পুলিশ সূত্রে খবর, এদিন ভোর সাতটা নাগাদ সাসারাম-পাটনা লোকালটি ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। হঠাৎই একটি কামরায় আগুন দেখা যায়। আগুন লাগা মাত্রই প্ল্যাটফর্ম জুড়ে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা দ্রুত নিরাপদ জায়গায় সরে যান এবং আগুন লাগা বগির যাত্রীরাও তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রেল দফতর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, এর আগে রবিবার সকালে মধ্যপ্রদেশের রতলাম স্টেশনের কাছে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে আগুন লাগে। তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী এই ট্রেনের ‘বি-১’ কোচে ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন ধরে যায়। রেলকর্মীদের তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হলেও, দুটি কোচ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনার জেরে দিল্লি-মুম্বাই রুটে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।