ফের হাইজ্যাক আতঙ্ক: এয়ার ইন্ডিয়া ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ

ফ্রাঙ্কফুর্ট-দিল্লি এয়ার ইন্ডিয়া ফ্লাইটে 'হাইজ্যাক' সঙ্কেত! জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ, যাত্রীরা সুরক্ষিত। স্কোয়াক ৭৫০০ অ্যালার্টে হুলস্থূল।

Share:

ব্যুরো নিউজ, ১৪ অক্টোবর ২০২৬: ফের হাইজ্যাক আতঙ্ক! জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ‘স্কোয়াক-৭৫০০’ সঙ্কেত পাওয়ার পর জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে।

বুধবার সকাল ৯টা নাগাদ আহমেদাবাদ এটিসি এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-2030 থেকে কয়েক সেকেন্ডের জন্য ‘স্কোয়াক-৭৫০০’ সতর্কবার্তা পায়, যা আন্তর্জাতিক বিমান চলাচলের নিয়ম অনুযায়ী ছিনতাইয়ের আশঙ্কা বোঝাতে ব্যবহৃত হয়। ফ্লাইট ছিনতাইয়ের সতর্কবার্তা আসতেই সঙ্গে সঙ্গে হুলস্থূল পড়ে যায় এবং নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়।

পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত ফ্লাইটটিকে জয়পুরে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ৯টা ৪৫ মিনিটে ফ্লাইটটি জয়পুর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এরপর নিরাপত্তা প্রোটোকল মেনে বিমানটিকে আইসোলেশন বেতে পাঠানো হয়। ফ্লাইটে ৩০৬ জন যাত্রীকে সুরক্ষিত অবস্থায় অবতরণ করানো হয়। জরুরি অবতরণের পর শীর্ষ পুলিশ কর্তাদের পাশাপাশি বম্ব স্কোয়াড ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।

যদিও এটিসি সূত্রে জানানো হয়েছে, ‘স্কোয়াক-৭৫০০’ সঙ্কেত মানেই যে নিশ্চিতভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তা নয়। এটি একটি নিরাপত্তামূলক সতর্কবার্তা যা উড়ানের সময় কোনো অস্বাভাবিক পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। অ্যালার্টের প্রকৃত কারণ এখনও সম্পূর্ণভাবে স্পষ্ট নয় এবং বর্তমানে এই নিয়ে তদন্ত চলছে।