ব্যুরো নিউজ, ১৪ অক্টোবর ২০২৬: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য ও আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল সামসেরগঞ্জ থানার পুলিশ। ধৃত যুবকের নাম মোস্তাফিজুর রহমান ওরফে সাদ্দাম শেখ (৩২)। তার বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় থানার অন্তর্গত সাকারঘাট এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সামসেরগঞ্জের চাঁদপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বিভিন্ন সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য ও ছবি পোস্ট করে আসছিলেন।
এই ধরনের পোস্ট দেশের সর্বোচ্চ পদাধিকারীকে অসম্মানিত করার পাশাপাশি সমাজে উত্তেজনা ছড়াতে পারে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে আসার পর এক সচেতন নাগরিক সামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পুলিশ দ্রুত কেস রুজু করে এবং অভিযুক্তকে চিহ্নিত করার জন্য তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর বাজার এলাকা থেকে মোস্তাফিজুরকে গ্রেফতার করা হয়। পুলিশ তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছে। ওই মোবাইল ফোনের মাধ্যমে ঠিক কী ধরনের পোস্ট করা হয়েছিল, কতদিন ধরে এই কাজ চলছিল এবং এর পেছনে অন্য কোনও ব্যক্তি বা গোষ্ঠীর মদত ছিল কিনা, তা বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। ধৃত যুবক ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন সামসেরগঞ্জ এলাকায় তার নিয়মিত যাতায়াত ছিল। বুধবার ধৃত মোস্তাফিজুর রহমান ওরফে সাদ্দাম শেখকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে এবং সাইবার অপরাধের এই দিকটি গুরুত্ব সহকারে দেখছে।








