দুর্গাপুজোতেই বঙ্গে অমিত শাহ, বেলুড় মঠ-সহ একাধিক মণ্ডপ পরিদর্শনে ঠাসা কর্মসূচি

দুর্গাপুজো উপলক্ষে ১৭ ও ১৮ অক্টোবর দু'দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেলুড় মঠ-সহ একাধিক পুজো মণ্ডপ পরিদর্শনে তাঁর ঠাসা কর্মসূচি। রাজনৈতিক মহলে জল্পনা।

Share:

ব্যুরো নিউজ ১৪ অক্টোবর ২০২৬: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্গাপুজো উপলক্ষে আগামী শনিবার, ১৭ অক্টোবর দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন।

১৭ ও ১৮ অক্টোবর তাঁর এই সফর ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রকাশিত সফরসূচি অনুযায়ী, শনিবার সন্ধ্যায় আমদাবাদ থেকে রওনা দিয়ে রাত প্রায় ৮টা ১০ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা তাঁর।

এরপর তিনি আলিপুরের সৌজন্য অতিথিশালায় রাত্রিযাপন করবেন।

রবিবার, ১৮ অক্টোবর সকালে বেলুড় মঠ পরিদর্শনের মাধ্যমে অমিত শাহ তাঁর দিনের কর্মসূচি শুরু করবেন। এরপর হাওড়ার বালি এলাকার দেশবন্ধু ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে যাওয়ার কথা রয়েছে তাঁর।

পরে কলকাতায় চেতলার ২৪ পল্লি, উত্তর কলকাতার ঐতিহাসিক শোভাবাজার রাজবাড়ি এবং লেকটাউনের শ্রীভূমির দুর্গাপুজোও পরিদর্শন করতে পারেন তিনি।

বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে ওই দিনই দিল্লি ফিরে যাওয়ার কথা তাঁর।

রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে অমিত শাহের এই সফরকে ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

দুর্গাপুজোর মতো বাংলার অন্যতম বড় উৎসবের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর রাজনৈতিক ও সাংস্কৃতিক—দু’দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

যদিও প্রকাশিত সূচিতে মূলত ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির কথাই উঠে এসেছে।

উল্লেখ্য, গত বছরও দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গে এসেছিলেন অমিত শাহ।

এবার তাঁর সফরে বেলুড় মঠ, শোভাবাজার রাজবাড়ি-সহ একাধিক গুরুত্বপূর্ণ পুজো মণ্ডপ রয়েছে।

শেষ মুহূর্তে সফরসূচিতে কোনও পরিবর্তন হয় কিনা, সেদিকেই এখন নজর।