ব্যুরো নিউজ, ২৫ জুন ২০২৬ঃ ভারতের দিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান (AI 479) নিয়ন্ত্রণ হারিয়ে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। জানা গিয়েছে, অমৃতসর বিমানবন্দরে অবতরণের সময় প্রবল ঝড়-বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে পাইলটরা সমস্যায় পড়েন। রানওয়ে স্পষ্ট না হওয়ায় দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করার সময় বিমানটি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে। পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) দ্রুত বিমানটিকে সতর্ক করে। তবে, পাইলটরা অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলে নেন এবং কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভারতের আকাশসীমায় ফিরে আসে।
ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, বিমানটি আটারির কাছে সীমান্ত সামান্য অতিক্রম করেছিল এবং প্রায় দু’মিনিটের কম সময় পাকিস্তানের আকাশসীমায় ছিল। বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু সম্পূর্ণ নিরাপদ আছেন। এই ঘটনায় ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত শুরু করেছে। প্রাথমিক রিপোর্টে প্রতিকূল আবহাওয়াকেই এই অনভিপ্রেত ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে, কোনও প্রযুক্তিগত ত্রুটি বা মানবিক গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আন্তর্জাতিক নিয়ম এবং দুই দেশের কূটনৈতিক সংবেদনশীলতার কারণে ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।







