দেশের ২৪৪ জেলায় বসছে অত্যাধুনিক বিমান হানার বিপদ সংকেত ব্যবস্থা

দেশের ২৪৪ জেলায় বসছে অত্যাধুনিক বিমান হানার বিপদ সংকেত ব্যবস্থা। ড্রোন, ক্ষেপণাস্ত্র ও শত্রু বিমানের হামলা মোকাবিলায় এই ব্যবস্থা কার্যকর হবে।

Share:

ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ কেন্দ্রীয় সরকার দেশের ২৪৪টি সংবেদনশীল জেলায় অত্যাধুনিক এয়ার-রেড ওয়ার্নিং সিস্টেম স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের নেতৃত্ব দিতে ভারতীয় বিমান বাহিনীর অভিজ্ঞ বিশেষজ্ঞদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন প্রযুক্তি স্থাপনের পাশাপাশি সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ পরিকাঠামোতেও বড়সড় পরিবর্তন আনা হবে। প্রকল্পের দায়িত্বে থাকা বিশেষজ্ঞদের পদমর্যাদা অন্তত উইং কমান্ডার বা তার উপরে হতে হবে।

২০২৫ সালে দেশজুড়ে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এর পর সরকারের অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা যায়, দেশের বেশিরভাগ পুরনো সাইরেন ও বিমান হামলা সতর্কীকরণ ব্যবস্থা অকেজো হয়ে পড়েছে। বর্তমান যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার অত্যধিক বেড়ে যাওয়ায় নাগরিকদের সুরক্ষায় একটি স্থায়ী ও আধুনিক বিমান প্রতিরক্ষা সতর্কীকরণ ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করছে স্বরাষ্ট্র মন্ত্রক। এই আধুনিক ব্যবস্থাটি ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং শত্রু বিমান-সহ সমস্ত ধরনের আকাশপথের হুমকি মোকাবিলায় কার্যকর হবে।

সংবাদ সংস্থার খবর অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং হোম গার্ডের মতো সংস্থাগুলি এই প্রকল্পের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।