ব্যুরো নিউজ, ১৩ জুন ২০২৬ : ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে অবশেষে সমাধিস্থ করার প্রস্তুতি শুরু করেছে তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সী খামেনেই নিহত হওয়ার ১৩১ দিন পর আগামী ৯ জুলাই তাঁকে সমাহিত করা হবে বলে ইরানের রাষ্ট্রীয় টিভি ঘোষণা করেছে।
১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা খামেনেইয়ের মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছিল। প্রথমদিকে মার্চ মাসেই রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের পরিকল্পনা করা হলেও, চলমান সংঘাত, নিরাপত্তাজনিত উদ্বেগ এবং ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে তা একাধিকবার পিছিয়ে যায়। অবশেষে ইরান সরকার ঘোষণা করেছে, আগামী ৯ জুলাই ইরানের পবিত্র শহর মাসাদ-এ অবস্থিত ইমাম রেজা শিরিনের কাছে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ৪ জুলাই থেকে শুরু হওয়া রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে শ্রদ্ধাজ্ঞাপন এবং শোকমিছিলের আয়োজন করা হবে তেহরান, কুম এবং মাশহাদে। প্রশাসনের অনুমান, শুধু তেহরানেই কয়েক কোটি মানুষ এই কর্মসূচিতে অংশ নিতে পারেন, ফলে নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
হামলায় নিহত খামেনেইয়ের পরিবারের আরও চার সদস্যকেও ‘শহিদ’ হিসেবে সম্মান জানানো হবে। ইরানের সরকারি বিবৃতিতে খামেনেইয়ের মৃত্যুকেও ‘শহিদি মৃত্যু’ হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রায় চার মাসেরও বেশি সময় পর এই সমাধিস্থকরণ অনুষ্ঠান আধুনিক ইরানের ইতিহাসে অন্যতম বৃহত্তম রাষ্ট্রীয় শেষকৃত্য হিসেবে বিবেচিত হতে পারে। ইরান এই অনুষ্ঠানকে জাতীয় শোক ও ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছে।








