অসমে পাশ হল অভিন্ন দেওয়ানি বিধি বিল: ‘এক দেশ এক আইন’ কার্যকরের পথে আরও এক রাজ্য

অসমে পাশ হল অভিন্ন দেওয়ানি বিধি বিল। উত্তরাখণ্ড ও গুজরাতের পর তৃতীয় রাজ্য হিসেবে ইউসিসি কার্যকর করতে চলেছে অসম। বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, খোরপোশ ও লিভ-ইন সম্পর্কে আসবে অভিন্ন আইনি কাঠামো।

Share:

ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ঃ অসমে পাশ হল অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) বিল। উত্তরাখণ্ড এবং গুজরাতের পর দেশের তৃতীয় রাজ্য হিসেবে অসম বিধানসভায় এই বহুচর্চিত বিলটি গৃহীত হয়েছে। বুধবার দীর্ঘ বিতর্ক ও তুমুল হট্টগোলের মধ্যেই শাসক জোট NDA-র সংখ্যাগরিষ্ঠতায় বিলটি পাশ হয়। এই আইন কার্যকর হলে ধর্ম, বর্ণ বা সম্প্রদায় নির্বিশেষে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, খোরপোশ এবং লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে একটি অভিন্ন আইনি কাঠামো চালু হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সিদ্ধান্তকে “নারীর মর্যাদা ও অধিকারের পক্ষে ঐতিহাসিক সংস্কার” বলে উল্লেখ করেছেন। নতুন বিলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো বহুবিবাহ নিষিদ্ধ করার সিদ্ধান্ত।

বিল অনুযায়ী, প্রথম স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া, প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ যদি লিভ-ইন সম্পর্কে থাকেন, তবে সেই সম্পর্ক প্রশাসনের কাছে নথিভুক্ত করা বাধ্যতামূলক হবে। নিয়ম ভাঙলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানার বিধান রাখা হয়েছে। সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করাও এই বিলের একটি গুরুত্বপূর্ণ দিক। নতুন আইনে পুত্র এবং কন্যাসন্তান উভয়েই পৈতৃক সম্পত্তিতে সমান অংশ পাবেন।

বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে সব ধর্মের মহিলাদের জন্য সমহারে খোরপোশ বা অ্যালিমনির আইনি সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। তবে রাজ্যের তফসিলি উপজাতি বা জনজাতিদের নিজস্ব সামাজিক রীতি ও ঐতিহ্য বজায় রাখতে তাদের এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে। বিরোধী দল কংগ্রেস এবং AIUDF বিলটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সংবিধানের ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে অভিযোগ করে প্রবল বিক্ষোভ দেখায়।