ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ দেশের বিস্তীর্ণ অংশ এখন তীব্র তাপপ্রবাহের কবলে। রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, দিল্লি, ওড়িশা এবং তেলেঙ্গানাসহ বহু রাজ্যে পারদ ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এই অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত। দিনের বেলায় রাস্তাঘাট কার্যত জনশূন্য, মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। এমনকি অনেক জায়গায় কৃষকরাও সন্ধের পর আলো জ্বালিয়ে চাষের কাজ করছেন।
এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের বান্দা শহর দেশের অন্যতম উষ্ণতম স্থান হিসেবে চিহ্নিত হয়েছে। বান্দায় বেলা বাড়লে মনে হয় যেন হরতাল চলছে, রাস্তাঘাট ফাঁকা। এমন চরম পরিস্থিতিতে শহরবাসীকে গরমের হাত থেকে রক্ষা করতে বান্দা প্রশাসন এক অভিনব পদক্ষেপ নিয়েছে। শহরের সমস্ত ট্রাফিক সিগনাল বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে রাস্তার মোড়ে গাড়ি দাঁড় করিয়ে মানুষকে অসহনীয় গরমে অপেক্ষা করতে হচ্ছে না। প্রশাসনের এই সিদ্ধান্ত মানুষকে ট্রাফিক সিগনালে আটকে থাকার কষ্ট থেকে মুক্তি দিয়েছে।
এছাড়াও, প্রতিটি রাস্তার মোড়ে অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে, যেখানে পথচারীরা ক্ষণিকের জন্য আশ্রয় নিতে পারবেন। এই উদ্যোগ বান্দার নাগরিকদের জন্য তীব্র দাবদাহের মধ্যে কিছুটা স্বস্তি এনেছে। প্রশাসনের এই মানবিক পদক্ষেপ দেশের অন্যান্য উষ্ণ শহরগুলির জন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে।







