ভুটানের উত্তর-পশ্চিম অংশে একটি হিমবাহ হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে যাওয়ায় ভয়াবহ হড়পা বানের আশঙ্কা দেখা দিয়েছে। এই ঘটনায় অসম এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে বন্যার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
মাস দুয়েক আগে নেপালেও একই ধরনের ঘটনা ঘটেছিল, যার রেশ কাটার আগেই আবার নতুন করে বিপর্যয়ের অশনি সঙ্কেত এসে গেল। জানা গিয়েছে ভুটানের গাসা জেলার লায়া গেওগের ওয়াকিলা পাহাড়ের নীচে অবস্থিত শিন্তাফু হ্রদের বাঁধ ভেঙে যাওয়ায় বিপুল পরিমাণ জল এবং ধ্বংসাবশেষ ভুটানের মফু নদীর মাধ্যমে ভারতের সঙ্কোশ নদীর দিকে প্রবাহিত হচ্ছে।
এই আকস্মিক জলপ্রবাহের ফলে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলা এবং অসমের কোকরাঝাড় ও ধুবড়ি জেলায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই তৎপরতার সাথে আসন্ন বিপর্যয় মোকাবিলার জন্য ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, নদী তীরবর্তী গ্রামগুলিকে দ্রুত খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

এই হড়পা বানের ফলে নীচু এলাকাগুলিতে জল ঢুকে যাওয়ার এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন সাধারণ মানুষকে শান্ত থাকতে এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি, সকলকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এই ঘটনাটি পরিবেশবিদদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে, কারণ জলবায়ু পরিবর্তনের ফলে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।








