ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ চিনের শানজি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক শ্রমিক, যাঁদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। এখনও বেশ কিছু শ্রমিক খনির গভীরে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩৯ মিনিট নাগাদ শানজি প্রদেশের লিউশেনিউ কয়লা খনিতে এই বিস্ফোরণ ঘটে।
চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনার সময় খনির ভিতরে প্রায় ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। আকস্মিক বিস্ফোরণে গোটা সুড়ঙ্গ কেঁপে ওঠে এবং বিষাক্ত গ্যাসের ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও জানা না গেলেও প্রাথমিক রিপোর্টে কার্বন মনোক্সাইডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার ইঙ্গিত মিলেছে। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্যে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী। চিনের জরুরি পরিস্থিতির ব্যবস্থাপনা মন্ত্রক দ্রুত ছয়টি বিশেষ উদ্ধারকারী দলের ৩৪৫ জন দক্ষ কর্মীকে ঘটনাস্থলে পাঠায়।
চিনের প্রেসিডেন্ট জিনপিং এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের সুচিকিৎসা ও আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। উল্লেখ্য, শানজি প্রদেশকে চিনের কয়লা খনির রাজধানী বলা হয়। অতীতেও এই অঞ্চলে বহু খনি দুর্ঘটনা ঘটেছে, যদিও সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ব্যবস্থা কড়া হওয়ায় দুর্ঘটনার হার কমেছিল।








