ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ বহু আলোচিত ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) গভীর সংকটের মুখে। সম্প্রতি এই দলটির এক্স (পূর্বতন টুইটার) এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার থেকে নেটিজেনরা ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেলে প্রবেশ করতে গেলেই ‘অ্যাকাউন্ট উইথহেল্ড ইন ইন্ডিয়া’ লেখা দেখতে পাচ্ছেন। এই খবর নিশ্চিত করেছেন ককরোচ জনতা পার্টির স্রষ্টা অভিজিৎ দীপক।
নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি জানিয়েছেন, তাঁর রাজনৈতিক সংগঠনের অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টা করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি দিল্লি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেটদের পদমর্যাদা সংক্রান্ত এক মামলার শুনানিতে ভারতের প্রধান বিচারপতি বেকার যুবকদের ‘ককরোচ’ বা আরশোলার সঙ্গে তুলনা করেছিলেন। এই মন্তব্যের প্রতিবাদে আমেরিকায় বসবাসকারী ভারতীয় ছাত্র অভিজিৎ দীপক অনলাইনে ‘ককরোচ জনতা পার্টি’ নামক একটি অ্যাকাউন্ট খোলেন। প্রথমে মজার ছলে শুরু হলেও, দ্রুত গুগল ফর্ম ও সমাজমাধ্যমে প্রচারের মাধ্যমে এটি একটি সংগঠিত রূপ নেয়। খুব অল্প সময়ের মধ্যেই এই রাজনৈতিক সংগঠনটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ককরোচ জনতা পার্টির ফলোয়ার্স সংখ্যা দ্রুত ১০ মিলিয়ন বা ১ কোটি ছাড়িয়ে যায়। অভিজিৎ দীপক ইনস্টাগ্রাম থেকে আসা একটি মেসেজের স্ক্রিনশট আপলোড করে জানিয়েছেন, তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও হ্যাক করার চেষ্টা চলছে। এই ঘটনা দলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।








