ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ কেন্দ্রীয় সরকারের উচ্ছেদ নোটিশের মুখে পড়েছে দিল্লির ঐতিহ্যবাহী জিমখানা ক্লাব। প্রতিরক্ষা ও দেশের নিরাপত্তার স্বার্থে ক্লাবের ২৭.৩ একর জমি প্রয়োজন বলে জানিয়ে ৫ জুনের মধ্যে তা খালি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক। এই নির্দেশ পাওয়ার পর ক্লাব কর্তৃপক্ষ কেন্দ্রের সঙ্গে জরুরি বৈঠকের দাবি জানিয়েছে।
২২ মে ভূমি ও উন্নয়ন দপ্তর থেকে পাঠানো নোটিশে বলা হয়েছে, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের পাশেই অবস্থিত এই সুবিশাল ক্লাবের জমি লিজ় চুক্তি বাতিল করা হচ্ছে। ভারতের রাষ্ট্রপতি লিজ় চুক্তির চার নম্বর ধারা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নিয়েছেন। ৫ জুনের মধ্যে ক্লাবের সমস্ত ভবনসহ ২৭.৩ একর জায়গা সরকারের হাতে তুলে না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে ক্লাবের পরিচালনার দায়িত্বে রয়েছে সরকার নিযুক্ত একটি কমিটি। যদিও ম্যানেজমেন্টের পক্ষ থেকে আইনি লড়াইয়ের সম্ভাবনা কম, তবে ক্লাবের সদস্যরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা ভাবছেন।
১৯১৩ সালে ব্রিটিশ আমলে ‘ইম্পেরিয়াল দিল্লি জিমখানা ক্লাব’ হিসেবে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘকাল ধরে দিল্লির অন্যতম একচেটিয়া কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে উচ্চপদস্থ আমলা, কূটনীতিক, সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদরা যাতায়াত করেন। সরকারের এই আকস্মিক সিদ্ধান্তে ক্লাবের প্রায় ৬০০ জন কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কর্মীরা জানিয়েছেন, তাঁদের চাকরি থাকবে কি না, সে বিষয়ে ম্যানেজমেন্ট এখনও স্পষ্ট কিছু জানায়নি। ক্লাব কর্তৃপক্ষের মতে, কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া এত বড় একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান হঠাৎ বন্ধ করা বাস্তবসম্মত নয়। ২০২২ সালেও আর্থিক অনিয়মের অভিযোগে সরকার এই ক্লাবের নিয়ন্ত্রণ নিয়েছিল।








