দিল্লি অগ্নিকাণ্ড: রাঁধুনি গ্রেফতার, মালিককে জেরা, পলাতক ম্যানেজার; ২১ মৃত্যুর তদন্তে নয়া মোড়

দিল্লি অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর ঘটনায় রাঁধুনি গ্রেফতার, মালিককে জেরা। পলাতক ম্যানেজার। ফরেন্সিক রিপোর্টে ধোঁয়ায় মৃত্যুর তথ্য।

Share:

ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ দিল্লির মালব্য নগরের ‘ফ্লারিশ স্টেজ’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। দিল্লি পুলিশ জানিয়েছে, হোটেলের ৬৫ বছর বয়সী রাঁধুনি কেশব নেগির গাফিলতিতেই আগুন ভয়াবহ রূপ নেয়। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয়েছে এবং দু’দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। গত বুধবার ‘ফ্লারিশ স্টেজ’ নামের বেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাণ হারান ২১ জন, যাঁদের অধিকাংশই ছিলেন বিদেশি নাগরিক।

পুলিশি জেরায় কেশব নেগি দাবি করেছেন, রান্নাঘরে হঠাৎ গ্যাস উনুনে বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে তিনি আতঙ্কিত হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এদিকে, হোটেলের মালিক লাভকেশ বাজাজকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হোটেলের লাইসেন্স, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং দৈনন্দিন পরিচালনা সংক্রান্ত একাধিক বিষয়ে তাঁর বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। যদিও তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়নি, অন্যান্য একাধিক ধারায় তদন্ত চলছে। হোটেলের ব্যবস্থাপক জয় মিশ্র এখনও পলাতক। তাঁকে খুঁজে বের করতে বিহার ও উত্তরপ্রদেশে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

মালিকের দাবি, হোটেলের দৈনন্দিন পরিচালনার দায়িত্বে ছিলেন জয়। ফলে এই ঘটনায় তাঁর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক বিশেষজ্ঞদের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, অধিকাংশ অতিথির মৃত্যু আগুনে পুড়ে নয়, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অগ্নিনির্বাপক যন্ত্রগুলির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। শর্ট সার্কিট বা অন্য কোনো প্রযুক্তিগত ত্রুটি আগুনের কারণ কি না, তা খতিয়ে দেখতে ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে। দিল্লির এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে মরিয়া পুলিশ।