দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে বাসে আগুন, ঝলসে মৃত ৮ যাত্রী, আহত ২২

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা। ট্রাকে ধাক্কা মেরে বাসে আগুন, ঝলসে মৃত ৮ যাত্রী, আহত ২২। উদ্ধারকাজ ও তদন্ত শুরু।

Share:

ব্যুরো নিউজ, ১লা জুলাই ২০২৬ঃ দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় ঝলসে মৃত্যু হল অন্তত আটজন যাত্রীর। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২২ জন। বুধবার ভোররাতে রাজস্থানের দৌসা জেলার কোলয়া থানা এলাকার ধানাওড়ায় একটি চলন্ত যাত্রীবাহী বাস সামনের ট্রাকে ধাক্কা মারলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে, সঙ্গে সঙ্গেই বাসে আগুন ধরে যায়।

পুলিশ সূত্রে খবর, উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরগামী বেসরকারি বাসটিতে মোট ৩৭ জন যাত্রী ছিলেন। ভোর তিনটে নাগাদ যখন দুর্ঘটনাটি ঘটে, তখন বেশিরভাগ যাত্রীই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। আগুন লাগার পর অনেকে বাসের ভিতরে আটকে পড়েন এবং ঝলসে মারা যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ট্রেলারের সঙ্গে সংঘর্ষের জেরেই বাসে আগুন লেগেছে। তবে বাসচালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন অথবা বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল, এমন সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, দমকল দেরিতে পৌঁছনোয় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়।