দিল্লিতে ৭ লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল করল সরকার: বেআইনি সুবিধা বন্ধে কড়া পদক্ষেপ

দিল্লি সরকার ৭ লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল করল বেআইনি সুবিধা বন্ধ করতে। উচ্চ আয়, নিষ্ক্রিয় ও মৃত ব্যক্তিদের নামে থাকা কার্ড বাতিল করে স্বচ্ছতা আনছে সরকার।

Share:

ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ দিল্লি সরকার সম্প্রতি এক বড়সড় পদক্ষেপ নিয়ে ৭ লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল করেছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, বেআইনিভাবে সুবিধা গ্রহণ বন্ধ করতে এবং রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি পূর্ণাঙ্গ অডিটের পর মোট ৭ লক্ষ ৭২ হাজার রেশন কার্ড বাতিল করা হয়েছে। এর মধ্যে ৬ লক্ষ ৪৬ হাজারেরও বেশি কার্ড উচ্চ আয়ের পরিবারের ছিল, যারা সরকারি নিয়ম অনুযায়ী রেশন পাওয়ার যোগ্য নন। এছাড়াও, প্রায় ৯৫ হাজার গ্রাহক এক বছরের বেশি সময় ধরে রেশন তোলেননি এবং ৬ হাজারেরও বেশি মৃত ব্যক্তির নামেও রেশন কার্ড সক্রিয় ছিল বলে জানা গেছে।

সরকারের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট আয়ের নীচে থাকা পরিবারগুলিই রেশন পরিষেবার সুবিধা পেতে পারে। দিল্লিতে এতদিন বার্ষিক ১ লক্ষ ২০ হাজার টাকা আয়ের পরিবারগুলি রেশন পাওয়ার যোগ্য ছিল। কিন্তু অডিটে দেখা যায়, বহু উচ্চ আয়ের পরিবারও বেআইনিভাবে এই সুবিধা নিচ্ছিল। সেই কারণেই তাদের রেশন কার্ড বাতিল করা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে আয়ের ঊর্ধ্বসীমাও বাড়িয়ে বছরে আড়াই লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে, যাতে আরও বেশি যোগ্য পরিবার এই প্রকল্পের আওতায় আসতে পারে।

দিল্লিতে গত ১৩ বছর ধরে নতুন রেশন কার্ড ইস্যু কার্যত বন্ধ ছিল। এবার বিজেপি সরকার সেই প্রক্রিয়া পুনরায় চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাতিল হওয়া কার্ডগুলির জায়গায় নতুন আবেদনকারীদের সুযোগ দেওয়া হবে। এর ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বহু নিম্ন ও মধ্যবিত্ত পরিবার এবার নতুন করে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। প্রশাসনের দাবি, এর ফলে প্রকৃত দরিদ্র মানুষদের কাছে খাদ্যসুরক্ষা প্রকল্পের সুবিধা আরও সঠিকভাবে পৌঁছবে।