ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ দিল্লির ইন্দ্রপুরীতে এক তরুণীর রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ২৮ বছর বয়সী বীণা কুমারী নামে ওই তরুণী তিন তলার ছাদ থেকে পড়ে মারা যান। পরিবারের অভিযোগ, এটি দুর্ঘটনা নয়, পণের জন্য তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। এই ঘটনায় বীণার শ্বশুরবাড়ির লোকজনের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে পুলিশের কন্ট্রোল রুমে ফোন আসে যে এক মহিলা ছাদ থেকে পড়ে গিয়েছেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পশ্চিম দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার শরদ ভাস্কর জানিয়েছেন, পুলিশ ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, তা খতিয়ে দেখছে। বীণার দিদি রীনার বয়ান অনুযায়ী, ঘটনার কিছুক্ষণ আগে বীণা তাঁকে কাঁদতে কাঁদতে ফোন করে বলেন, “দিদি বাঁচাও, ওরা খুব মারছে। আমি আর বাঁচব না, ওরা আমায় মেরে ফেলবে।” নিজের ছ’মাসের সন্তানকেও দেখাশোনার কথা বলেছিলেন বীণা। এর ঠিক সাত মিনিট পরেই ফোন কেটে যায়। এরপর বীণার দেওর রীনাকে ফোন করে জানান যে বীণা ছাদ থেকে পড়ে গিয়েছেন।
পরিবারের অভিযোগ, তিন বছর আগে রাজু সিংহের সঙ্গে বিয়ের পর থেকেই বীণার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলত। স্বামী রাজু এবং দেওর রাজকুমার প্রায়ই তাঁকে পণের জন্য কটাক্ষ করতেন ও মারধর করতেন। একবার মারের চোটে বীণার কানের পর্দা ফেটে গিয়েছিল বলেও অভিযোগ। একটি বুলেট বাইকের জন্যও চাপ দেওয়া হচ্ছিল। বীণার পরিবারের পক্ষ থেকে ইন্দ্রপুরী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।








