কর্নাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ডি কে শিবকুমার, দীর্ঘ জটিলতা পেরিয়ে ঘোষণা কংগ্রেসের, ৩ জুনই শপথ?

কর্নাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ডি কে শিবকুমার। দীর্ঘ টানাপোড়েনের পর কংগ্রেসের ঘোষণা, ৩ জুন শপথের সম্ভাবনা। সিদ্দারামাইয়ার সমর্থন ও শিবকুমারের রাজনৈতিক যাত্রাপথ।

Share:

ব্যুরো নিউজ, ৩০ মে ২০২৬ঃ কর্নাটকে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে ডি কে শিবকুমারকেই বেছে নিল কংগ্রেস হাইকমান্ড। শনিবার বিধান সৌধে অনুষ্ঠিত কংগ্রেস পরিষদীয় দলের  হাই-প্রোফাইল বৈঠকে সর্বসম্মতভাবে তাঁকে নতুন নেতা নির্বাচিত করা হয়। এর ফলে দক্ষিণের এই গুরুত্বপূর্ণ রাজ্যে ১৮তম মুখ্যমন্ত্রী হিসেবে শাসনভার সামলাবেন ‘ডিকে’। সব ঠিকঠাক থাকলে আগামী ৩ জুন নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে।

এআইসিসি সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন। তিনি শিবকুমারের রাজনৈতিক জীবনের ভূয়সী প্রশংসা করে বলেন, ছাত্র সংগঠন এনএসইউআই থেকে শুরু করে যুব কংগ্রেস, প্রদেশ কংগ্রেস সভাপতি এবং আজ অবশেষে তিনি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছেন। বেণুগোপাল আরও যোগ করেন, কংগ্রেসের প্রতি তাঁর অতুলনীয় আনুগত্য এবং ২৪ ঘণ্টার অক্লান্ত পরিশ্রমই তাঁকে এই আসনে বসিয়েছে। একই সঙ্গে বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বেণুগোপাল স্পষ্ট করে দেন যে, দলের শীর্ষ স্তরে তাঁর ভূমিকা এখনও শেষ হয়ে যায়নি।

সিদ্দারামাইয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, কর্নাটক তথা জাতীয় স্তরেও কংগ্রেসের জন্য তাঁর সেবা ও অভিজ্ঞতার অত্যন্ত প্রয়োজন। শনিবারের বৈঠকে প্রথম দফায় বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিজেই পরিষদীয় দলের সামনে একটি প্রস্তাব পেশ করেন, যেখানে নতুন নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) ওপর ছেড়ে দেওয়ার কথা বলা হয়। এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর, রুদ্ধদ্বার বৈঠকের শেষে সিদ্দারামাইয়া নিজেই আনুষ্ঠানিকভাবে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ডি কে শিবকুমারের নাম প্রস্তাব করেন। কর্নাটক প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রস্তাবটিকেও সমস্ত বিধায়ক সর্বসম্মতভাবে অনুমোদন দেন। উল্লেখ্য, গত ২৮ মে সিদ্দারামাইয়া স্বেচ্ছায় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এই সিদ্ধান্তের ফলে কর্নাটকে কংগ্রেসের নতুন অধ্যায় শুরু হলো।