ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ঃ উত্তরাখণ্ডের খাতিমা তনকপুর হাইওয়েতে এক বিরল দুর্ঘটনায় একটি হাতির দাঁত ভেঙে টুকরো হয়ে গেল। এক শিক্ষিকার স্কুটারের ধাক্কায় এই ঘটনাটি ঘটেছে। এই হাইওয়ের একটি অংশ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে, যেখানে বহু হাতির আনাগোনা রয়েছে।
জানা গিয়েছে, ওই শিক্ষিকা প্রতিদিনের মতো স্কুটারে করে স্কুলে যাচ্ছিলেন। জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়া পিচ ঢালা রাস্তা ধরে তিনি এগোচ্ছিলেন। হঠাৎই পাশ্ববর্তী জঙ্গল থেকে একটি অপ্রাপ্তবয়স্ক হাতি বেরিয়ে আসে। শিক্ষিকা হাতিটিকে দেখতে পেলেও সংঘর্ষ এড়ানোর মতো পরিস্থিতি ছিল না, কারণ তিনি হাতির খুব কাছাকাছি চলে এসেছিলেন। ফলস্বরূপ, দ্রুত গতিতে আসা স্কুটারটি সরাসরি হাতিটিকে ধাক্কা মারে। আকস্মিক ধাক্কায় হাতিটি গুরুতর আঘাত পায় এবং তার একটি দাঁত ভেঙে টুকরো টুকরো হয়ে রাস্তায় পড়ে যায়।
অন্যদিকে, স্কুটারটিও দুমড়ে মুচড়ে রাস্তার ধারে উল্টে যায়। শিক্ষিকাও রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। ঘটনার আকস্মিকতা কাটিয়ে হাতিটি ভয় পেয়ে দ্রুত জঙ্গলে ফিরে যায়। সে সময় রাস্তা দিয়ে যাওয়া অন্যান্য পথচারীরা আহত শিক্ষিকার সাহায্যে এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ও বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। আহত শিক্ষিকাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং হাতির দাঁতের ভাঙা টুকরোগুলি উদ্ধার করা হয়। এই ঘটনা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।







