ব্যুরো নিউজ, ২৯ মে ২০২৬ঃ হায়রাবাদের পর্বতারোহী অরুণ কুমার তিওয়ারি মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তবে তাঁর দেহ উদ্ধার করে ফিরিয়ে আনার পরিবর্তে এভারেস্টেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার। মহাদেবের প্রতি গভীর ভক্তি এবং অটুট বিশ্বাস থেকেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, ৫৩ বছর বয়সী অরুণ কুমার তিওয়ারি বিশ্বের বেশ কয়েকটি সুউচ্চ পর্বতশৃঙ্গ জয় করেছিলেন। দীর্ঘদিনের স্বপ্ন ছিল এভারেস্ট জয় করার।
গত বছর, অর্থাৎ ২০২৫ সালে একবার চেষ্টা করলেও শারীরিক কারণে তাঁকে ফিরে আসতে হয়েছিল। কিন্তু অদম্য ইচ্ছাশক্তি নিয়ে ২০২৬ সালে তিনি ফের এভারেস্ট অভিযানে যান এবং সফলভাবে শৃঙ্গ জয় করেন। তবে দুর্ভাগ্যজনকভাবে, এভারেস্টের চূড়া ছুঁয়ে নামার সময় হিলারি স্টেপের কাছেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এভারেস্টের ওই উচ্চতায় অক্সিজেনের অভাব, হাড় কাঁপানো ঠান্ডা এবং চরম প্রতিকূল আবহাওয়ার কারণে দেহ উদ্ধার করা অত্যন্ত কঠিন কাজ। একজন পর্বতারোহী নিজেকে সুরক্ষিত ভাবে ফিরিয়ে আনতেই প্রবল সতর্কতা অবলম্বন করেন। তাই ওই জায়গা থেকে কাউকে উদ্ধার করে নিয়ে আসা অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ।
সাধারণত, এমন পরিস্থিতিতে পরিবার চাইলে উদ্ধার অভিযান চালানো হয়, যা অত্যন্ত ব্যয়বহুলও বটে। কিন্তু অরুণ কুমার তিওয়ারির পরিবার শোকের মধ্যেও এক দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, অরুণ তিওয়ারির দেহ যেমন এভারেস্টে রয়েছে, তেমনই থাকতে দেওয়া হোক। এভারেস্টকে অনেকেই মহাদেবের আলয় বা শিবের বাসস্থান বলে মনে করেন। তাঁদের বিশ্বাস, অরুণ তিওয়ারি যেহেতু হিমালয়কে ভালোবাসতেন এবং শিবের প্রতি তাঁর গভীর ভক্তি ছিল, তাই তাঁর দেহ ভগবান মহাদেবের কাছেই থাকা উচিত। এই অটুট বিশ্বাস থেকেই তাঁরা দেহ উদ্ধারের চেষ্টা না করার অনুরোধ জানিয়েছেন। সংবাদ সংস্থা সূত্রে এই খবর পাওয়া গেছে।








