আইপিএল ফাইনালে হারের পরেই বড় বিপর্যয়, আগুনের গ্রাসে গুজরাট টাইটান্সের টিম বাস

আইপিএল ২০২৬ ফাইনালে হারের পর গুজরাট টাইটান্সের টিম বাসে ভয়াবহ আগুন। আহমেদাবাদে শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন শুভমান গিলরা।

Share:

ব্যুরো নিউজ, ১ জুন ২০২৬ঃ আইপিএল ২০২৬ ফাইনালে স্বপ্নভঙ্গের পরেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হল গুজরাট টাইটান্স দল। আহমেদাবাদে ফাইনাল ম্যাচ শেষে হোটেলে ফেরার পথে আচমকাই শুভমান গিলদের টিম বাসে আগুন লেগে যায়।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঘটনার সময় বাসের ভিতরে উপস্থিত ছিলেন শুভমান গিল, মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা-সহ দলের সকল সদস্য। পথিমধ্যে বাসের ভিতরে হঠাৎ ধোঁয়ায় ভরে যেতে দেখে চালক দ্রুত বাস থামিয়ে দেন। পরিস্থিতি বুঝে ক্রিকেটারদের তড়িঘড়ি বাস থেকে নামিয়ে আনা হয়।

সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের আঘাত লাগেনি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন সকলে। বাস থেকে নামার পর প্রায় এক ঘণ্টা ধরে রাস্তার ধারে অপেক্ষা করতে হয় গুজরাট টাইটান্সের খেলোয়াড়দের। ততক্ষণে আগুন সম্পূর্ণ গ্রাস করে ফেলেছিল বাসটিকে। পরে অন্য একটি বাসের ব্যবস্থা করা হয় এবং সেই গাড়িতেই দলের সদস্যরা নিরাপদে হোটেলে পৌঁছান।

এই আকস্মিক ঘটনায় দলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও, ক্রিকেটারদের সুরক্ষিত থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলে। ফাইনাল হারের পর এমন বিপর্যয়ে দলের মনোবল কিছুটা ধাক্কা খেয়েছে বলে মনে করা হচ্ছে।