ব্যুরো নিউজ, ১২ সেপ্টেম্বর ২০২৬: উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেসের অন্দরে বড়সড় ধাক্কা। দলের সব পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পাঁচবারের সাংসদ হরিশ রাওয়াত। যদিও তিনি স্পষ্ট জানিয়েছেন যে দল ছাড়ছেন না। আগামী বছর যে পাঁচটি রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, তার মধ্যে উত্তরাখণ্ড অন্যতম। সেখানে টানা দু’বার ক্ষমতায় রয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে কংগ্রেস যখন রাজ্য দখলের জন্য কোমর বাঁধছে, তখনই রাওয়াতের এই সিদ্ধান্ত হাত শিবিরকে অস্বস্তিতে ফেলেছে।
সূত্রের খবর, সম্প্রতি একটি পুরনো দুর্নীতির মামলায় হরিশ রাওয়াতের আপ্তসহায়ক চন্দন সিং জিনার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তল্লাশি চালায়। সেই তল্লাশিতে ৩২ লক্ষ টাকা নগদ, প্রচুর সোনা এবং বেশ কয়েকটি বিলাসবহুল ঘড়ি উদ্ধার হয়েছে। আপ্তসহায়কের বাড়িতে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হরিশ রাওয়াতের ভাবমূর্তির ওপর বড় আঘাত হেনেছে। জানা গিয়েছে, ২০১৬ সালে যখন রাওয়াত মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় উত্তরাখণ্ড সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশনে বড়সড় দুর্নীতির অভিযোগ ওঠে। ঘুষের বিনিময়ে সরকারি চাকরি বিক্রির সেই মামলায় রাওয়াত নিজেও অভিযুক্ত।
এই ঘটনার পরই রাওয়াতের পদত্যাগের সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ভোটের মুখে এই ধরনের ঘটনা কংগ্রেসের নির্বাচনী প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও রাওয়াত দল না ছাড়ার কথা বলায়, পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা হয়েছে। তবে এই দুর্নীতি কাণ্ড যে কংগ্রেসের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, তা স্পষ্ট।








