ব্যুরো নিউজ , ২৯ মে ২০২৬ : দিল্লির অতিরিক্ত সেশন জজ সোনু অগ্নিহোত্রী অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে নোটিস পাঠিয়েছেন। ‘মিঁয়া মুসলিম’ সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের অভিযোগে সমাজকর্মী হর্ষ মন্দারের দায়ের করা মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে অস্বস্তিতে পড়েছেন অসমের মুখ্যমন্ত্রী এবং তাঁর দল বিজেপি। হর্ষ মন্দারের অভিযোগ, চলতি বছরের ২৭ জানুয়ারি অসমের তিনসুকিয়া জেলার ডিগবয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মন্তব্য করেন যে, এসআইআর হলে ‘৪-৫ লক্ষ মিঁয়া ভোটারের’ নাম অসমের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।
অভিযোগ অনুযায়ী, হিমন্ত আরও বলেছিলেন, ‘ওরা সমস্যায় পড়লে তবেই অসম ছাড়বে’ এবং ‘ওরা যাতে ভোট দিতে না পারে, সেটা আমরা নিশ্চিত করছি।’ এই মন্তব্যগুলি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন মহল থেকে এই ধরনের মন্তব্যকে বিভাজনমূলক এবং সংবিধানবিরোধী বলে আখ্যা দেওয়া হয়। প্রাথমিকভাবে, গত ২০ এপ্রিল দিল্লির ম্যাজিস্ট্রেট আদালত ভৌগোলিক এক্তিয়ারের বাইরে হওয়ার যুক্তিতে হিমন্তের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিতে অস্বীকার করেছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দায়রা আদালতের দ্বারস্থ হন সমাজকর্মী হর্ষ মন্দার। তাঁর আইনজীবী আদালতের সামনে স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা জ়িরো এফআইআর এবং ই-এফআইআর সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তুলে ধরেন।
তিনি জোরালোভাবে দাবি করেন, হিমন্ত বিশ্বশর্মা কথাগুলি অসমে বললেও, জ়িরো এফআইআরের নিয়মে হর্ষ দিল্লিতেও তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারেন। এই আইনি যুক্তির ভিত্তিতেই আদালত হিমন্ত বিশ্বশর্মাকে নোটিস জারি করেছে। আগামী ১৫ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এই মামলার রায় অসমের রাজনীতিতে এবং হিমন্ত বিশ্বশর্মার ভাবমূর্তিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।








