ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ জাপানের সাইতামা প্রিফেকচারের কাওয়াগো শহরে একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে, যার জেরে পাকিস্তান অস্বস্তিতে পড়েছে। অভিযোগ উঠেছে, প্রবাসী পাকিস্তানি নাগরিকদের একাংশ প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন ছাড়াই একটি মসজিদ নির্মাণ করেছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মসজিদটি একটি পার্বত্য অরণ্য সংরক্ষিত এলাকায় নির্মিত হয়েছে, যেখানে স্থায়ী নির্মাণকাজের উপর কঠোর বিধিনিষেধ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে বিষয়টি এখন প্রশাসনিক তদন্তের অধীনে। স্থানীয় মহলে মসজিদটি ভেঙে ফেলার দাবিও উঠেছে। প্রায় ৪,৫০০ বর্গমিটার জমিতে নির্মিত এই মসজিদটি সাদা ও সবুজ নকশায় তৈরি। অভিযোগ, ২০২৫ সালের মার্চ মাসে জমি হস্তান্তরের পর দ্রুত নির্মাণকাজ শুরু হয়।
শহর পরিকল্পনা আইন অনুযায়ী, এই ধরনের এলাকায় স্থায়ী ধর্মীয় বা বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন ছিল, যা নেওয়া হয়নি। ইতিমধ্যে, মসজিদটি অপসারণের জন্য স্থানীয় কর্তৃপক্ষের কাছে আবেদন জমা পড়েছে। বিতর্ক আরও ঘনীভূত হয়েছে কারণ মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে জাপানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আব্দুল হামিদ উপস্থিত ছিলেন। এটি কেবল স্থানীয় প্রশাসনিক বিরোধ নয়, বরং কূটনৈতিক অস্বস্তির কারণও হয়ে দাঁড়িয়েছে। দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, বেআইনি নির্মাণের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই এবং প্রবাসী পাকিস্তানি নাগরিকদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। তদন্তে অনুমোদনবিহীন নির্মাণের অভিযোগ প্রমাণিত হলে মসজিদটি ভেঙে ফেলার নির্দেশ জারি হতে পারে।







