ইবোলা মোকাবিলায় কড়া দিল্লি, কঙ্গো-উগান্ডা ভ্রমণে ভারতীয়দের জন্য জারি হল সতর্কতা

ইবোলা আতঙ্কে কঙ্গো ও উগান্ডা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল ভারত। আক্রান্ত দেশগুলিতে থাকা ভারতীয়দের জন্য কড়া স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

Share:

ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ আফ্রিকার কয়েকটি দেশে নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আন্তর্জাতিক স্বাস্থ্য দফতরগুলিতে উদ্বেগ বেড়েছে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রবিবার জরুরি সতর্কতা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে আপাতত অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ। ওই দেশগুলিতে বসবাসকারী ভারতীয় নাগরিকদেরও কঠোরভাবে স্থানীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা  ইতিমধ্যেই এই পরিস্থিতিকে ‘আন্তর্জাতিক স্তরে উদ্বেগজনক জনস্বাস্থ্য সঙ্কট’ (Public Health Emergency of International Concern) হিসেবে ঘোষণা করেছে।

ভারত সরকারের তরফে জানানো হয়েছে, কঙ্গো ও আশপাশের দেশগুলিতে ইবোলার সংক্রমণ দ্রুত বাড়ছে, বিশেষত ‘বুন্দিবুগিও’ (Bundibugyo) স্ট্রেনটি ছড়িয়ে পড়ছে। এই স্ট্রেন মোকাবিলায় এখনও পর্যন্ত কোনও টিকা বা নির্দিষ্ট ওষুধ নেই, এবং এর মৃত্যুহার অত্যন্ত বেশি। তাই আক্রান্ত অঞ্চলে প্রতিরোধই সবচেয়ে জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ভারতীয় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, অত্যাবশ্যক না হলে কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করুন। বিমানবন্দর, সীমান্ত ও বন্দর- সব জায়গায় নজরদারি আরও কঠোর করার নির্দেশ দিয়েছে WHO।

আক্রান্ত দেশগুলো থেকে জ্বর বা অজানা অসুস্থতা নিয়ে কেউ এলে তাঁকে আলাদা রেখে পরীক্ষা করার কথাও বলা হয়েছে। ভারতে এখনও পর্যন্ত এই নতুন স্ট্রেনের ইবোলা সংক্রমণের কোনও ঘটনা ধরা পড়েনি। পরিস্থিতি বদলালে ভারত সরকারের পক্ষ থেকে নতুন আপডেট জানানো হবে। এই সতর্কতা মূলত প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জারি করা হয়েছে।