ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ ভারত এবং নেপালের মধ্যে ২১০ বছরের পুরনো লিপুলেখ বিবাদ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। সাম্প্রতিককালে নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন শাহ লিপুলেখ সহ কালাপানির মতো বেশ কিছু এলাকাকে নেপালের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছেন। শুধু তাই নয়, তিনি নেপালের সংসদে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে জমি দখলের অভিযোগও তুলেছেন। এই পরিস্থিতিতে নেপাল সরকার এবার এই দীর্ঘদিনের বিবাদ নিরসনে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছে, যা আন্তর্জাতিক মহলে নতুন জল্পনার সৃষ্টি করেছে।
লিপুলেখ গিরিপথ ভারত, চিন এবং নেপাল সীমান্তের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এর কৌশলগত গুরুত্ব অপরিসীম। উত্তরাখণ্ডের ধারচুলাকে তিব্বতের পুরং-এর সঙ্গে যুক্ত করা এই পথ ভারতের কাছে বাণিজ্যিক ও সামরিক উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথ দিয়েই মানস সরোবর যাত্রা পরিচালিত হয়, যা সম্প্রতি চিন পুনরায় চালু করেছে। নেপাল এই গিরিপথকে নিজেদের এলাকা দাবি করলেও ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তা কোনোভাবেই মান্যতা দেওয়া হবে না।
বলা বাহুল্য, ভারত ও নেপালের মধ্যে লিপুলেখ গিরিপথ নিয়ে বিবাদ ১৮১৬ সাল থেকে চলে আসছে, যা মূলত ব্রিটিশ আমলের। সেই কারণেই নেপাল এই বিষয়ে ব্রিটেনের দ্বারস্থ হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, যদি ব্রিটেন এই বিষয়ে হস্তক্ষেপ করে, তবে তা ভারত, নেপাল এবং ব্রিটেনের জন্যেই বড়সড় ক্ষতির কারণ হতে পারে। এই জটিল পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।







