আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা শিল্পে নতুন দিগন্ত: অন্ধ্রপ্রদেশে তৈরি হবে পঞ্চম প্রজন্মের ‘অদৃশ্য যুদ্ধবিমান’, ১৫০০০ কোটির প্রকল্পে ৩ বেসরকারি সংস্থাকে আমন্ত্রণ

ভারতের প্রতিরক্ষা শিল্পে মাইলফলক! ১৫০০০ কোটি টাকার AMCA প্রকল্পে অন্ধ্রপ্রদেশে তৈরি হবে পঞ্চম প্রজন্মের অদৃশ্য যুদ্ধবিমান। ৩ বেসরকারি সংস্থাকে আমন্ত্রণ।

Share:

ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ঃ দেশের প্রতিরক্ষা শিল্পে এক ঐতিহাসিক পদক্ষেপ। আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তব রূপ দিতে গত ২৭ মে, ২০২৬ তারিখে ‘অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট’ (AMCA)-এর জন্য ‘রিকোয়েস্ট ফর প্রপোজাল’ (RFP) জারি করল কেন্দ্র। এই প্রথমবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। এই বৃহৎ যুদ্ধবিমান নির্মাণ প্রকল্পে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-কে বাইরে রেখেই তিনটি বেসরকারি সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এই সংস্থাগুলি হল টাটা অ্যাডভান্সড সিস্টেমস, এল অ্যান্ড টি-বিইএল-ডায়নামিক কনসোর্টিয়াম এবং ভারত ফর্জ-বিইএমএল-ডাটা প্যাটার্নস কনসোর্টিয়াম। ১৫০০০ কোটি টাকার এই প্রকল্পে অন্ধ্রপ্রদেশের পুত্তাপার্থিতে একটি নতুন গ্রিনফিল্ড কারখানায় এএমসিএ-র পাঁচটি প্রোটোটাইপ বা পরীক্ষামূলক মডেল তৈরি করা হবে। এই পদক্ষেপ ভারতের যুদ্ধবিমান নির্মাণে বেসরকারি খাতের অংশগ্রহণকে উন্মুক্ত করল, যা প্রকল্পটির দ্রুত বাস্তবায়নে সাহায্য করবে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও-র অধীনস্থ অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির (এডিএ) সঙ্গে যৌথভাবে কাজ করবে নির্বাচিত বেসরকারি সংস্থা।

২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যেই চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৮ থেকে ২০৩২ সালের মধ্যে প্রথম প্রোটোটাইপের উড়ান হতে পারে এবং ২০৩৫ সালের পর বিমানটি ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর বহরে রাফাল, সুখোই, তেজস-এর মতো আধুনিক ফাইটার জেট থাকলেও, সরাসরি ব্যবহার করার মতো কোনও কার্যকরী স্টেলথ বা অদৃশ্য যুদ্ধবিমান নেই। এই নতুন প্রকল্প ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।