সারনাথের পর এবার ভারতের ১৪ ঐতিহাসিক ও প্রাকৃতিক সম্পদ ইউনেস্কোর সম্ভাব্য তালিকায়

সারনাথের পর ভারতের ১৪টি ঐতিহাসিক ও প্রাকৃতিক সম্পদ ইউনেস্কোর সম্ভাব্য তালিকায়। বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার পথে আরও এক ধাপ।

Share:

ব্যুরো নিউজ, ৭ আগস্ট ২০২৬ঃ ভারতের সমৃদ্ধ ঐতিহাসিক ও প্রাকৃতিক ঐতিহ্যের মুকুটে আরও পালক যোগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি সারনাথের বৌদ্ধ প্রত্নক্ষেত্র ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় জায়গা করে নেওয়ার পর দেশের আরও ১৪টি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও প্রাকৃতিক স্থান ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ টেন্টেটিভ লিস্ট’-এ অন্তর্ভুক্ত হয়েছে। ২০২৫ সালে চার দফায় এই স্থানগুলিকে সম্ভাব্য তালিকায় যুক্ত করা হয়েছে, যা ভবিষ্যতে ভারতের আরও কয়েকটি ঐতিহ্যস্থানের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পথ প্রশস্ত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইউনেস্কোর নিয়ম অনুযায়ী, কোনও স্থানকে সরাসরি বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেওয়া হয় না। প্রথমে সংশ্লিষ্ট দেশকে সেই স্থানকে টেন্টেটিভ তালিকায় অন্তর্ভুক্ত করতে হয়। এরপর বিশদ নথি যাচাই, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মূল্যায়ন এবং নির্দিষ্ট মানদণ্ডে পর্যালোচনার প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়া সফলভাবে উত্তীর্ণ হলেই কোনও স্থান চূড়ান্ত বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা পায়। ২০২৫ সালের প্রথম দফায় ১১ ফেব্রুয়ারি পাঁচটি স্থান এই সম্ভাব্য তালিকায় যুক্ত হয়, যার মধ্যে রয়েছে ছত্তীসগঢ়ের কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক, তেলেঙ্গানার মুদুমাল মেগালিথিক মেনহিরস, অশোকের শিলালিপি-সংবলিত বিভিন্ন স্থান, চৌষট্টি যোগিনী মন্দির এবং গুপ্তযুগের মন্দিরগুলি। এরপর ৪ জুন উত্তরপ্রদেশের সলখন ফসিল পার্ক এবং ২৭ অগস্ট মহারাষ্ট্রের ডেকান ট্র্যাপস, কর্ণাটকের সেন্ট মেরিজ় আইল্যান্ড ক্লাস্টার, মেঘালয়ের মেঘালয়ান এজ গুহা-সহ আরও সাতটি প্রাকৃতিক ঐতিহ্যস্থানের নাম যোগ হয়।

বছরের শেষ সংযোজন আসে ২২ ডিসেম্বর, যখন ওডিশার বিখ্যাত বৌদ্ধ ত্রিভুজ—রত্নগিরি, উদয়গিরি এবং ললিতগিরিকে একসঙ্গে টেন্টেটিভ তালিকায় রাখা হয়। বর্তমানে সারনাথ-সহ ভারতের ৪৫টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে।