রেলের নয়া নিয়ম: তৎকাল টিকিট পেতে এবার লাগবে টোকেন, জানুন বিস্তারিত

রেলের নয়া নিয়ম: তৎকাল টিকিট পেতে এবার লাগবে টোকেন। এসি ও স্লিপার ক্লাসের জন্য আলাদা সময়। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ২৬ মে ২০২৬ঃ রেল যাত্রীদের জন্য এক অত্যন্ত জরুরি খবর। এবার থেকে তৎকাল টিকিট  বুকিং-এর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করল ভারতীয় রেল। জানা গিয়েছে, টিকিট সংরক্ষণ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে পশ্চিম মধ্য রেলওয়ের কোটা বিভাগ একটি নতুন টোকেন ব্যবস্থা ) চালু করেছে।

এই নতুন নিয়ম অনুযায়ী, কোটা বিভাগের সমস্ত রেল স্টেশনে যাত্রীদের তৎকাল টিকিট কেনার আগে নির্দিষ্ট সময়ে টোকেন সংগ্রহ করতে হবে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার জন্য এসি এবং স্লিপার ক্লাসের টোকেন বিতরণের জন্য আলাদা সময় নির্ধারণ করেছে। ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি তৎকাল টিকিট বুকিং-এর জন্য যাত্রীদের সকাল ৯:০০টা থেকে ৯:২৫টার মধ্যে কাউন্টার থেকে টোকেন নিতে হবে। অন্যদিকে, স্লিপার ক্লাস এবং নন-এসি ক্লাসের জন্য টোকেন বিতরণ করা হবে সকাল ৯:৩০টা থেকে ৯:৫৫টার মধ্যে। রেল বিভাগ যাত্রীদের সময়মতো বুকিং অফিসে পৌঁছানোর জন্য অনুরোধ করেছে, যাতে তাঁরা সঠিক ক্রমে টোকেন সংগ্রহ করতে পারেন এবং কোনো অসুবিধা না হয়।

উল্লেখ্য, রেলের বর্তমান নিয়ম অনুযায়ী, যাত্রার একদিন আগে থেকে তৎকাল টিকিট বুকিং শুরু হয়। যাত্রীরা আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমেও টিকিট কাটতে পারেন। পাশাপাশি, ট্রেনের চার্ট তৈরির সময়সীমা নিয়েও রেল নতুন নির্দেশিকা জারি করেছে। ভোর ৫:০১ থেকে দুপুর ২:০০ টার মধ্যে চলাচলকারী ট্রেনগুলির জন্য প্রথম রিজার্ভেশন চার্ট যাত্রার আগের দিন রাত ৮:০০ টার মধ্যে তৈরি করতে হবে।