গ্রাহক প্রতারণার অভিযোগে IndiGo, Physics Wallah সহ ৯ সংস্থাকে কেন্দ্রের বিপুল জরিমানা

IndiGo, Physics Wallah সহ ৯টি সংস্থাকে ডার্ক প্যাটার্ন ব্যবহার করে গ্রাহক প্রতারণার অভিযোগে জরিমানা করল কেন্দ্র। মোট ২০ লক্ষ টাকা জরিমানা, কঠোর পদক্ষেপের নির্দেশ।

Share:

ব্যুরো নিউজ, ৬ আগস্ট ২০২৬ঃ কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA) ‘ডার্ক প্যাটার্ন’ ব্যবহার করে গ্রাহকদের প্রতারণার অভিযোগে IndiGo, Physics Wallah সহ ৯টি ডিজিটাল প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। মোট প্রায় ২০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলিকে অবিলম্বে বিভ্রান্তিকর ফিচারগুলি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যসভায় কেন্দ্রীয় সরকার এই তথ্য জানিয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আকর্ষণীয় অফার বা সীমিত সময়ের ছাড়ের আড়ালে গ্রাহকদের ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করা হলে তা ভোক্তা স্বার্থের পরিপন্থী।

এই কারণেই ‘প্রিভেনশন অ্যান্ড রেগুলেশন অফ ডার্ক প্যাটার্নস, ২০২৩’ নীতি কার্যকর করা হয়েছে, যা ১৩ ধরনের বিভ্রান্তিকর কৌশলকে বেআইনি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ভুয়ো জরুরি পরিস্থিতি, কার্টে লুকিয়ে অতিরিক্ত চার্জ যোগ করা, অজান্তেই সাবস্ক্রিপশন চালু করা এবং গ্রাহককে মানসিক চাপে ফেলে সিদ্ধান্ত নিতে বাধ্য করার মতো পদ্ধতি। তদন্তে দেখা গেছে, কুইক-কমার্স সংস্থা জেপ্টোকে সবচেয়ে বেশি ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ‘ড্রিপ প্রাইসিং’ এবং ‘বাস্কেট স্নিকিং’-এর জন্য।

অনলাইন শিক্ষা সংস্থা ফিজিক্স ওয়ালার বিরুদ্ধে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, কারণ তারা ১০ টাকার অনুদানের অপশন আগে থেকে নির্বাচিত রাখত এবং আবেগপ্রবণ বার্তা দিয়ে ব্যবহারকারীদের প্রভাবিত করত। বিমান সংস্থা ইন্ডিগোর বিরুদ্ধে অতিরিক্ত বিমা বা পরিষেবা না নিলে গ্রাহকদের মানসিক চাপে ফেলার অভিযোগ ছিল। এছাড়া বুকমাইশো, ফার্স্টক্রাই, স্পাইসজেট সহ অন্যান্য সংস্থাগুলিকেও হিডেন চার্জ বা বিভ্রান্তিকর প্রম্পটের জন্য জরিমানা করা হয়েছে। সরকার স্পষ্ট জানিয়েছে, গ্রাহকদের আস্থা বজায় রাখতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এমন প্রতারণার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।