ট্রাম্পের শান্তিপ্রস্তাবে সাড়া, ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: নিউ ইয়র্ক টাইমস

ট্রাম্পের শান্তিপ্রস্তাব মেনে ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান, দাবি নিউ ইয়র্ক টাইমস। তেহরানের অন্দরে ফাটলের ইঙ্গিত দেখছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানুন।

Share:

ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ আমেরিকার শান্তিপ্রস্তাব মেনে অবশেষে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে ইরান। এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে আমেরিকার প্রথম সারির সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর এক রিপোর্টে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছিলেন, ইরানের সঙ্গে তাঁদের সমঝোতা প্রায় শেষের পথে। এই চুক্তি সম্পন্ন হলে হরমুজ় প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের অবাধ যাতায়াত শুরু হবে বলেও ইঙ্গিত দেন তিনি। যদিও সমঝোতার বিস্তারিত শর্তাবলী নিয়ে ট্রাম্প মুখ খোলেননি।

তবে ওয়াশিংটনের দুই উচ্চ পদস্থ আধিকারিক ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-কে জানিয়েছেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মতি দিয়েছে। তবে এই ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। রিপোর্টে আরও বলা হয়েছে, ইরান সম্ভবত তাদের ইউরেনিয়াম রাশিয়ার হাতে তুলে দিতে সম্মত হয়েছে। ঘটনাচক্রে, ইরান-আমেরিকার মধ্যে শান্তি আলোচনার ঠিক কয়েক দিন আগেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেই স্পষ্ট জানিয়েছিলেন, তিনি কোনও ভাবেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে চান না।

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, মোজতবার এই বার্তার পরেও যদি ইরান ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়, তবে তা তেহরানের অন্দরে গভীর ফাটলের ইঙ্গিত দেয়। উল্লেখ্য, ওয়াশিংটন প্রথম থেকেই ইউরেনিয়াম হস্তান্তরকে আলোচনার মূল বিষয় হিসেবে তুলে ধরেছিল এবং হস্তান্তর না হলে সামরিক অভিযানের হুমকিও দিয়েছিল।