ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ ভারত ও ইজরায়েলের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল তেল আভিভ। এবার ইজরায়েলে স্থাপন করা হবে ছত্রপতি শিবাজি মহারাজের এক বিশাল মূর্তি। মুম্বইয়ে নিযুক্ত ইজরায়েলের কনসাল জেনারেল ইয়ানিভ রেভাচ সম্প্রতি শিব রাজ্যাভিষেক দিবস উপলক্ষে এই ঘোষণা করেছেন। তিনি জানান, এই মূর্তি স্থাপন শুধু একটি সৌধ নির্মাণ নয়, বরং দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘমেয়াদী সম্পর্ককে আরও উন্নত করবে।
রেভাচ আরও জানান, ইজরায়েলের কোনো একটি বড় শহরে এই মূর্তিটি স্থাপন করার পরিকল্পনা রয়েছে। ভারতের ইতিহাসে ছত্রপতি শিবাজি মহারাজের গুরুত্ব সম্পর্কে ইজরায়েল অবগত এবং তাঁর জীবন ও কর্মকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বজায় রেখে মূর্তি নির্মাণের জন্য ইজরায়েল মহারাষ্ট্র সরকারের সহযোগিতা চেয়েছে।
বিশেষত, দেবেন্দ্র ফড়নবিশের কাছে ঐতিহাসিক তথ্য, শিল্পকলা এবং নকশা সংক্রান্ত বিষয়ে সহায়তার জন্য আবেদন করা হয়েছে। ফড়নবিশ এই উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। ইজরায়েলের কনসাল জেনারেলের মতে, এই মূর্তিটি দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক হয়ে উঠবে এবং মহারাষ্ট্র ও ভারতীয় ইহুদি সম্প্রদায়ের ঐতিহাসিক যোগসূত্রকেও স্মরণ করিয়ে দেবে।







