ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ কেরলে নতুন করে স্বাস্থ্য আতঙ্ক সৃষ্টি করেছে ‘শিগেলা’ (Shigella) ব্যাকটেরিয়ার সংক্রমণ। এই মারাত্মক ব্যাকটেরিয়ার থাবায় ইতিমধ্যেই কোঝিকোড়ে এক ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে, যার নাম নীলা। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই গোটা রাজ্যজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কোঝিকোড়, ওয়েনাড়ের পাশাপাশি আলাপ্পুঝা এবং পঠানমথিট্টা জেলাতেও এই সংক্রমণের হদিশ মিলেছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, কেরালা সরকার রাজ্যজুড়ে হাই-অ্যালার্ট জারি করেছে।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে মুরলীধরণ জানিয়েছেন, ওয়েনাড়ের সুলতান বাথেরি মহকুমা হাসপাতালে একই স্কুলের ২৫ জন পড়ুয়ার চিকিৎসা চলছে। কোঝিকোড় থেকে একটি বিশেষ মেডিক্যাল টিমকে দ্রুত ওয়েনাড় পাঠানো হয়েছে এবং পরিস্থিতি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের বৈঠকও ডাকা হয়েছে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, শিগেলা একটি অত্যন্ত মারাত্মক ব্যাকটেরিয়া যা মানুষের পরিপাকতন্ত্র এবং অন্ত্রে আক্রমণ করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তথ্য অনুযায়ী, ২০১৬ সালে বিশ্বজুড়ে ডায়রিয়াজনিত মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ ছিল এই শিগেলা, যা প্রায় ২ লক্ষ ১২ হাজার মানুষের প্রাণ কেড়েছিল। এর প্রধান লক্ষণগুলি হলো তীব্র জ্বর, পেটে মোচড়ানি, তিন দিনের বেশি ক্রমাগত মলত্যাগ এবং মলের সঙ্গে রক্তপাত (Bloody Diarrhoea)। শরীর দ্রুত জলশূন্য হয়ে পড়ে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, দূষিত জল, বাসি-পচা খাবার এবং অস্বাস্থ্যকর পরিবেশ থেকেই এই ব্যাকটেরিয়া ছড়ায়। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় তারা সহজে আক্রান্ত হয়। হোটেল-রেস্তোরাঁগুলিতে কড়া নজরদারি এবং পানীয় জলের উৎসগুলি জীবাণুমুক্ত করার পরামর্শ দেওয়া হচ্ছে।








