লাদাখে ভেঙে পড়ল ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার, আহত পাইলট সহ ৩ জওয়ান

লাদাখে ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার ভেঙে পড়ল। ২০ মে-র দুর্ঘটনায় আহত পাইলট সহ ৩ জওয়ান। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু।

Share:

ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ লাদাখে ভারতীয় সেনার একটি চিতা হেলিকপ্টার ভেঙে পড়েছে। গত ২০ মে এই দুর্ঘটনায় পাইলট ও মেজর জেনারেল সহ মোট তিন সেনা জওয়ান আহত হয়েছেন। শুক্রবার ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়, লেহ-এর কাছে শয়ুক নদীর কাছে পাহাড়ে আছড়ে পড়েছিল হেলিকপ্টারটি। যদিও স্বস্তির খবর, এই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি।

সেনা সূত্রে খবর, হেলিকপ্টারটি আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই পাহাড়ের কাছে ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ভারতীয় সেনার উদ্ধারকারী দল এবং দীর্ঘ প্রচেষ্টার পর আহত জওয়ানদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল। দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০ মে লাদাখের আবহাওয়া পরিষ্কার ছিল এবং দৃশ্যমানতাও ভালো ছিল। খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেনি। তাহলে কেন হেলিকপ্টারটি ভেঙে পড়ল, পাইলটের ভুল নাকি অন্য কোনও যান্ত্রিক ত্রুটি ছিল, তা খতিয়ে দেখছে গঠিত বিশেষ কমিটি। উল্লেখ্য, ভারতীয় সেনার হাতে থাকা চিতা হেলিকপ্টারগুলির একটি বড় অংশের বয়স ৩০ থেকে ৫০ বছরের বেশি, যা উদ্বেগ বাড়াচ্ছে।