ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ বিহারের ভিআইপিদের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পর বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। আরজেডি সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং তাঁর স্ত্রী রাবড়ি দেবীর ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে লালু ও রাবড়ি দেবী তাঁদের সরকারি বাসভবনে পাঠানো নতুন বিকল্প নিরাপত্তা বাহিনীকে ফিরিয়ে দিয়েছেন। বর্তমানে পাটনার ১০ নম্বর সার্কুলার রোডের ওই বাংলোর সামনে আরজেডি কর্মীদের লাঠি হাতে পাহারা দিতে দেখা গেছে।
কর্মীদের দাবি, তাঁদের নেতার সুরক্ষায় তাঁরাই যথেষ্ট। ‘জেড প্লাস’ ক্যাটাগরি প্রত্যাহারের পর নীতীশ কুমার প্রশাসন ‘বিহার স্পেশাল আর্মড পুলিশ’-এর হাউস গার্ড এবং পাটনা জেলা পুলিশের বডিগার্ড বরাদ্দ করলেও, রাবড়ি দেবী এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিহিংসা আখ্যা দিয়ে সরকারি নিরাপত্তা কর্মীদের বাংলো থেকে বিদায় করে দেন। ঘটনার প্রতিবাদে তাঁদের ছোট ছেলে তেজস্বী যাদবও নিজের ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা ফিরিয়ে দিয়েছেন। লালু-রাবড়ির কন্যা রোহিনী আচার্য সমাজমাধ্যম এক্স-এ ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, “নিরাপত্তা কমানোর এই সিদ্ধান্তের পেছনে আমাদের পরিবারের ক্ষতি করার একটি অসৎ উদ্দেশ্য রয়েছে।”
তিনি আরজেডি সমর্থকদের বাংলোর সামনে জড়ো হওয়ার আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, নিরাপত্তা প্রত্যাহারের কয়েক দিন আগেই রাবড়ি দেবীকে তাঁর সরকারি বাংলোটি খালি করার নির্দেশ দেয় বিহারের ভবন নির্মাণ দফতর। রাবড়ি দেবী এই নির্দেশকেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে বাড়ি খালি করতে অস্বীকার করেছেন। দলের মুখপাত্র শক্তি যাদব জানিয়েছেন, আগামী দিনে আরজেডির আরও অনেক নেতা তাঁদের সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিতে পারেন। এই ঘটনা বিহারের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।








