সরকারি খাতায় ‘মৃত’ প্রতিবন্ধী বৃদ্ধ, নিজেকে ‘জীবিত’ প্রমাণ করতে ৬ মাস ধরে ঘুরছেন দফতরে দফতরে

মধ্যপ্রদেশের এক প্রতিবন্ধী বৃদ্ধকে সরকারি নথিতে 'মৃত' ঘোষণা করা হয়েছে। নিজেকে জীবিত প্রমাণ করতে ৬ মাস ধরে সরকারি দফতরে ঘুরছেন তিনি। প্রশাসনের আশ্বাসে তদন্ত শুরু।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ মধ্যপ্রদেশের হারদা জেলায় এক অদ্ভুত পরিস্থিতির শিকার হয়েছেন ৫৮ বছর বয়সী এক প্রতিবন্ধী প্রৌঢ়। সরকারি খাতায় তাঁকে ‘মৃত’ ঘোষণা করা হয়েছে, অথচ রক্ত-মাংসের শরীরে তিনি দিব্যি বেঁচেবর্তে রয়েছেন। নিজের অস্তিত্ব প্রমাণ করতে গত ছয় মাস ধরে সরকারি দফতরে দফতরে ঘুরে বেড়াচ্ছেন কর্ণ সিং সাওয়ান নামের এই ব্যক্তি। জানা গেছে, বছরখানেক আগে ডায়াবেটিসের কারণে তাঁর একটি পা বাদ দিতে হয়। এরপর প্রতিবন্ধী হিসেবে সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে গিয়েই তিনি জানতে পারেন যে, সরকারি পোর্টালে তাঁর নামের পাশে ‘মৃত’ লেখা রয়েছে। প্রশাসনের এই মারাত্মক ভুলের কারণে তিনি এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

কর্ণবাবুর মূল আশঙ্কা, আগামী দুই বছরের মধ্যে এই ভুল সংশোধন না হলে ৬০ বছর পূর্ণ হওয়ার পর তিনি সরকারের একাধিক সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। প্রশাসনের দরজায় কড়া নেড়েও কোনও লাভ না হওয়ায়, অবশেষে নিজের ছেলেকে সঙ্গে নিয়ে জেলাশাসকের কার্যালয়ে হাজির হন তিনি। সেখানে গিয়ে আধিকারিকদের হাতে নিজের জীবিত থাকার যাবতীয় প্রমাণ ও প্রয়োজনীয় নথিপত্র তুলে দেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। মধ্যপ্রদেশের শ্রম দপ্তরের শীর্ষ আধিকারিক মনীশ চৌরাসিয়া জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রযুক্তিগত ত্রুটি বা ওটিপি যাচাইকরণ প্রক্রিয়ার গলদ খতিয়ে দেখে দ্রুত নথিপত্র সংশোধন করে কর্ণবাবুকে তাঁর ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।