ইন্ডিয়া জোট ভাঙার নেপথ্যে মমতা! নীতীশের এনডিএ যোগে কালীঘাটের ষড়যন্ত্র, বিস্ফোরক দাবি

ইন্ডিয়া জোট ভাঙার নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল! নীতীশ কুমারের এনডিএ যোগে কালীঘাটের ষড়যন্ত্রের বিস্ফোরক দাবি সঞ্জয় ঝাঁ-এর।

Share:

ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নীতীশ কুমারের ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএ-তে যোগ দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর জল্পনা ছিল। ঘটনার প্রায় দু’বছর পর সেই রহস্যের পর্দা উন্মোচন করলেন জনতা দল ইউনাইটেডের কার্যকরী জাতীয় সভাপতি সঞ্জয় ঝাঁ। তাঁর বিস্ফোরক দাবি, ইন্ডিয়া জোটের পতন এবং নীতীশের এনডিএ-তে ফেরার নেপথ্যে মূল কারিগর ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় ঝাঁ জানান, ২০২৩ সালের শুরুর দিকে ইন্ডিয়া জোটের সকল নেতাদের মধ্যে একটি ঐক্যমত তৈরি হয়েছিল। সেখানে নীতীশ কুমারকে জোটের ‘আহ্বায়ক’ করার বিষয়ে কংগ্রেস-সহ সব দল রাজি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল এই সমঝোতায় জল ঢেলে জোটকে ধ্বংস করে দেন। সঞ্জয়ের কথায়, “দুই নেতৃত্ব ইন্ডিয়া জোটকে ধ্বংস করে দেন। তাঁরা হলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল।”

এই দাবির ফলে জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নীতীশ কুমারকে একসময় ইন্ডিয়া জোটের অন্যতম পুরোধা হিসেবে দেখা হচ্ছিল। তাঁর আকস্মিক দলবদল রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। সঞ্জয় ঝাঁ-এর এই মন্তব্য সেই সময়ের অনেক অনুচ্চারিত প্রশ্নের উত্তর দিচ্ছে বলে মনে করা হচ্ছে। এই অভিযোগের পর তৃণমূল এবং আম আদমি পার্টির পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, এখন সেটাই দেখার।