ঘণ্টায় ১৪০০ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়, আজই পৃথিবীতে আছড়ে পড়ার আশঙ্কা! জারি সতর্কতা

ঘণ্টায় ১৪০০ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়। আজই পৃথিবীতে আছড়ে পড়ার আশঙ্কা, জারি হয়েছে সতর্কতা। যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থায় প্রভাবের সম্ভাবনা।

Share:

ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ আজই পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক শক্তিশালী সৌরঝড়, যা প্রতি ঘণ্টায় প্রায় ১৪০০ কিলোমিটার বেগে এগিয়ে আসছে। মহাকাশ বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এই বিরাট সৌরঝড় আজ রাতেই পৃথিবীতে আছড়ে পড়তে পারে, যার জেরে বিশ্বজুড়ে বিভিন্ন প্রান্তে এর প্রভাব অনুভূত হতে পারে। সূর্যের অন্দরে ৪৪৬১ নামের একটি সক্রিয় অংশে গত ৬ জুন প্রবল বিস্ফোরণের ফলে বিশাল চুম্বকীয় গ্যাসমেঘ বা ফিলামেন্ট তৈরি হয়েছিল, যা বর্তমানে পৃথিবীর দিকে ধেয়ে আসছে।

এই পরিস্থিতিতে আমেরিকার স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার ইতিমধ্যেই জি-৩ মাত্রার ভূ-চৌম্বকীয় ঝড়ের সতর্কতা জারি করেছে, যা জি-৪ পর্যন্ত পৌঁছতে পারে। নাসা সহ বিশ্বের একাধিক মহাকাশ গবেষণা সংস্থা এই সৌরঝড়ের গতিবিধির উপর কড়া নজর রাখছে। শক্তিশালী সৌরঝড় পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবা, স্যাটেলাইট এবং জিপিএস ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। রেডিও সংযোগে বিঘ্ন ঘটা এবং কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কাও রয়েছে।

এই সৌরঝড়ের একটি আকর্ষণীয় দিক হল মেরুজ্যোতি বা অরোরা। সাধারণত মেরু অঞ্চলে দেখা গেলেও, শক্তিশালী ঝড়ের সময় এটি নিম্ন অক্ষাংশ থেকেও দৃশ্যমান হতে পারে। বিজ্ঞানীরা অনুমান করছেন, আবহাওয়া পরিষ্কার থাকলে ভারতের উত্তরাঞ্চলের কিছু কিছু জায়গা থেকেও সবুজ, লাল বা বেগুনি আলোর দৃশ্য দেখা যেতে পারে। তবে মহাকাশ গবেষকরা সাধারণ মানুষের দৈনন্দিন জীবন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।